ওয়ালটনের এলইডি টিভিতে মূল্যহ্রাস
নতুন বছর ও বাণিজ্য মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য এলইডি টিভিতে মূল্যহ্রাস করেছে দেশীয় ইলেকট্রনিক ও অটোমোবাইল কোম্পানি ওয়ালটন।
মডেল ভেদে টিভিগুলোর দাম ১৫০০ থেকে ৫৫০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে বলে জানিয়েছেন ওয়ালটনের বিপণন বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল বারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের এলইডি টিভি সরবরাহ করা।"
নিজস্ব কারখানায় প্লাস্টিক কেবিনেট, স্পিকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড, ইলেকট্রিক পাওয়ার ক্যাবল এবং প্যানেল প্রডাকশনের জন্য আলাদা ম্যানুফাকচারিং লাইন স্থাপন করায় উৎপাদন খরচ হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পর্যায়ে দাম কমানো সম্ভব হয়েছে বলে জানান আব্দুল বারী।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে ১৯ ইঞ্চি এলইডি টিভি এখন আগের চেয়ে ১,৫০০ টাকা কমে মাত্র ১২,৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ২৪ ইঞ্চি এলইডি টিভি মিলছে ১৫,৯০০ টাকায়, যাতে দাম কমেছে ৪,০০০ টাকা।
২৮ ইঞ্চি এলইডি টিভির দাম ৪,৪০০ টাকা কমিয়ে এখন মাত্র ২০,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৩২ ইঞ্চি এলইডি টিভির দুটি মডেলের দাম আগের চেয়ে ৩,৬০০ ও ৫,৪০০ টাকা কমেছে, এখন ক্রেতারা পাচ্ছেন যথাক্রমে ২৭,৯০০ ও ২৪,৫০০ টাকায়।
ওয়ালটন ব্র্যান্ডের ৪০ ইঞ্চি ফুল এইচডি এলইডি টিভির মূল্য কমানো হয়েছে ৪,৮০০ টাকা; নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৯,৯০০ টাকা।
এছাড়া বাণিজ্যমেলায় অ্যান্ড্রয়েড স্মার্ট প্রযুক্তির ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির তিনটি নতুন এলইডি টিভি পাওয়া যাচ্ছে।
মেলায় প্রদর্শন করা হচ্ছে ৩২ ইঞ্চির ইন্টারনেট/স্মার্ট টিভি; এই টিভিগুলো আন্তর্জাতিক মানের, মূল্যও সাশ্রয়ী। মেলায় ক্রেতাদের জন্য ২৪, ২৮ ও ৩২ ইঞ্চির এলইডি টিভিতে সর্বোচ্চ সাত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে ওয়ালটন এলইডি টিভির দাম আরও কমে আসবে বলে জানান ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
