দেশে সচল সিম প্রায় সাড়ে ১৩ কোটি
সিমের নিবন্ধন নিয়ে উদ্যোগের মধ্যে ডাক ও টেলিযোগোযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি সিম সচল রয়েছে।
সোমবার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, এর মধ্যে গ্রামীণফোনের ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি, রবির ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি, বাংলালিংকের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি, এয়ারটেলের ১ কোটি ৭ লাখ ৯ হাজার ৬৬০টি, প্যাসিফিক টেলিকমের (সিটিসেল) ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটকের ৪১ লাখ ৪২ হাজার ৫৮০টি সিম চালু রয়েছে।
ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তারানা হালিম এই পরিসংখ্যান তুলে ধরেন।
মো. ইসলাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি ২০১৪-২০১৫ অর্থবছরে বিদেশি মোবাইল কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণও তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, গ্রামীণফোনের ১ হাজার ৮৮১ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ১৮৫ টাকা, বাংলালিংকের ১ হাজার ৩৮৪ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা, রবির ১ হাজার ৮২৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৯১ টাকা এবং এয়ারটেলের ৩৭৭ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৫৪৯ টাকা বিনিয়োগ রয়েছে।
এদিকে মোবাইল কোম্পানিগুলোর বিলের উপর আরোপিত ভ্যাটের টাকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আলাদা করে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা এখনও নেওয়া যায়নি বলে জানান তিনি।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
