টিআইবির প্রতিবেদন ষড়যন্ত্রের অংশ: বিকেএমইএ
টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে ‘চলমান দেশি-বিদেশি ষড়যন্ত্রকে’ প্ররোচিত করবে বলে মনে করছে নিট পোশাক মালিকরা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এ আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান।
বৃহস্পতিবার প্রকাশিত টিআইবির প্রতিবেদনে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তা শুক্রবারই নাকচ করে দেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পকে অশান্ত করতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে সংগঠনটির অভিযোগ।
জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার ওই গবেষণা প্রতিবেদনে পোশাক শিল্পের নানা অনিয়ম ধামাচাপা দিতে ‘ঘুষ’ লেনদেনের কথা বলা হয়েছে।
বিকেএমইএ’র লিখিত বক্তব্যে বলা হয়, “টিআইবি বাংলাদেশের পোশাক খাতে দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তা বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে চলমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের কোনো অংশ কি না- তাও ভেবে দেখার অবকাশ রয়েছে বলে বিকেএমইএ মনে করে।”
টিআইবির গবেষণা পদ্ধতিতে ‘ত্রুটি’ রয়েছে দাবি করে এতে বলা হয়, “সংগঠনটি মনে করে, ৭০টি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনোভাবেই ৫ হাজার ৫০০ শিল্প প্রতিষ্ঠানের প্রায়োগিক ও কাঠামোগত কার্যক্রমকে প্রতিনিধিত্ব করে না। তাই এই প্রতিবেদনটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সমগ্রিকভাবে প্রতিফলিত করে কি না- তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।”
বিকেএমইএ বলেছে, “বাংলাদেশে ছোট, বড় ও মাঝারি সব ধরনের কারখানা রয়েছে। কিন্তু গবেষণাপত্রে কোন ধরনের কারখানা কী পরিমাণ নেওয়া হয়েছে তা উল্লেখ নেই। তাছাড়া কারখানাগুলো বিভিন্ন অঞ্চলে অবস্থিত এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে।
“অবস্থানগত কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স ও অন্যান্য শর্ত বিরাজমান। কিন্তু উক্ত গবেষণাপত্রে অঞ্চলভিত্তিক কারাখানা ও ক্রেতা নির্বাচনের কোনো তথ্য উল্লেখ না থাকার কারণে প্রাপ্ত তথ্য নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।”
লিখিত বক্তব্যে ‘বিস্ময় প্রকাশ’ করে বলা হয়, “সবচেয়ে আশ্চর্যের বিষয়- বাংলাদেশের তৈরি পোশাক খাতের (নীট ও ওভেন) নিয়ন্ত্রক সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএর নেতাদের সঙ্গে এই গবেষণার প্রস্তুতি পর্বে, গবেষণা চলাকালে কিংবা গবেষণালব্ধ ফলাফল পাওয়ার পরে বিষয়টি নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
ফাইল ছবি
টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “এই প্রতিবেদন একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, সত্যের অপলাপ এবং দুরভিসন্ধিমূলক। তাই আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি।”
বিকেএমইএ’র লিখিত বক্তব্যে টিআইবির ওই গবেষণা কার্যক্রমকে ‘বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমে বাধাগ্রস্তকারী’ হিসেবে অভিহিত করে সেজন্য সরকারি অনুমোদন নিয়েছে কি না সে প্রশ্ন তোলা হয়েছে।
গবেষণার আর্থিক পৃষ্ঠপোষকতা কে বা কারা করেছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি মন্তব্য করে এতে বলা হয়, “কিন্তু টিআইবির উক্ত প্রতিবেদনে এ সমস্ত বিষয়ে কোনো দিক-নির্দেশনা নেই।”
কিছু কিছু ক্ষেত্রে অনিয়নের কথা স্বীকার করে বিকেএমইএ বলেছে, “তবে টিআইবির রিপোর্টে দুর্নীতি ও অনিয়মের কথা ভয়াবহভাবে তুলে ধরে পুরো পোশাক খাতের আন্তর্জাতিক বিকাশের পর্যায়কে বিশ্বব্যাপী প্রশ্নের মুখে ফেলে দেওয়ার চেষ্ঠা করা হয়েছে।
বিষয়টি টিআইবির প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য যথেষ্ট বলেও মনে করে বিকেএমইএ
