টইটুম্বুর মেলার মাঠে বিক্রেতারা খুশি
ক্রেতা-দর্শনার্থীর সমাগমে জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিক্রেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা না থাকায় গত দুই বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হচ্ছে। আর ছুটির দিন তা হচ্ছে আরও কয়েকগুণ বেশি।
শুক্রবার ছুটির দিন মেলায় ক্রেতা-দর্শনার্থীর এই ভিড়ের কারণে পাশের প্রধান সড়ক রোকেয়া সরণিতে সৃষ্টি হয় যানজট; বিকালে মেলায় ঢুকতে ভিড় ঠেলতে হয় চন্দ্রিমা উদ্যানের বিজয় সরণি অংশ থেকেই।
বিক্রেতারা জানান, প্রতিবছরই শুক্র-শনিবার ছুটির দিনে মেলায় দর্শক সমাগম অন্যদিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। তবে এবার গতবারের চেয়ে ভিড় একটু বেশিই মনে হচ্ছে।
শুক্রবার মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভিড়ের মধ্যে পণ্যের গুণাগুণ ব্যাখ্যা আর বিক্রিতে ব্যস্ত দোকানীরা। সন্ধ্যার পর আরও বাড়ে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিক্রিও বেশ ভালো হয় বলে জানান স্টলকর্মীরা।
মেলার পশ্চিম পাশে একটি গৃহস্থালী পণ্যের স্টলে কথা হয় বিক্রয়কর্মী শফিকুল ইসলামের সঙ্গে।
বেচা-বিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নিঃসন্দেহে গত দুই বছরের চেয়ে এবার ভালো। আর শুক্র-শনিবার তো আরও কয়েকগুণ বেড়ে যাচ্ছে।”
বাণিজ্য মেলার হাজার হাজার মানুষের সমাগমকে ব্যবসা সম্প্রসারণ ও প্রচারের মাধ্যম হিসেবেও কাজে লাগাতে দেখা গেছে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে।
এমনই একটি প্রতিষ্ঠান ওয়াশআউট নামের লন্ড্রি। নিজেদের পরিচিত করে তুলতে মাত্র সাড়ে ৪০০ টাকায় কম্বল ধুয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে মেলায় স্টল নিয়েছে তারা।
স্টলকর্মী লুৎফা জানান, প্রচারপত্রের মাধ্যমে তারা সবার কাছে নতুন এই কোম্পানির সেবাগুলো তুলে ধরছেন। ঢাকায় ১৯টি ও ঢাকার আশাপাশের কয়েকটি জেলায় তাদের কার্যক্রম রয়েছে।
শুক্রবার মা-বাবার সঙ্গে মেলায় আসেন কলেজছাত্রী শ্রেয়া।
তিনি জানান, বন্ধুদের সঙ্গে দু্বার আসলেও শুক্রবার বাবা-মার সঙ্গে এসেছেন কেনাকাটার জন্যই।
আকতার ফার্নিচারের বিক্রয়কর্মী ইলিয়াস বলেন, “মেলায় হ্রাসকৃত মূল্যে নামমাত্র পেমেন্টে পণ্য বিক্রি করছি আমরা। ফার্নিচার বাসায় পৌঁছে দেওয়ার পর বাকি টাকা দেওয়ার সুযোগও আছে।”
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে এবার ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে।
৩১ দশমিক ৫৩ একর আয়তনের মাঠে এবারের মেলায় ছোট-বড় ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৫৬টিতে রয়েছে বিদেশি পণ্য।
বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্টলের পাশাপাশি মেলায় রয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ইকোপার্ক, ই-শপ, ই-পার্ক, মাদার কেয়ার সেন্টার ও স্বাস্থ্যসেবা কেন্দ্র।
