ক্রয় কমিটিতে আট প্রস্তাব অনুমোদন
আটটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে বুধবার শিল্পমন্ত্রী আমির হোনের আমুর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় চারটি ব্রিজ নির্মাণ প্রকল্পে ৭৪ কোটি ১৭ লাখ টাকার একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
তিনি বলেন, এডিবি, ইফাদ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ‘অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদখাত’ শীর্ষক প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।
নতুন করে ৪ কোটি ১২ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পাওয়ায় ওই প্রকল্পে এখন ৪৪ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হবে।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ-২’ এর জাইকা অংশের আওতাধীন ‘পানি শোধনাগার ও জলাধার নির্মাণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
“৫৮১ কোটি ৩ লাখ টাকায় যৌথভাবে কাজটি পেয়েছে ‘কোলন গ্লোবাল কর্পোরেশন’ ও ‘কোবোটা কনস্ট্রাকশন্স’।”
মোস্তাফিজুর জানান, ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন স্টাডিজ রেসিপিয়েন্ট এক্সিকিউটেড ট্রাস্ট ফান্ড প্রজেক্ট’ প্রকল্পের আওতায় বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন ‘ড্রেজিং ফিজিবিলিটি অ্যান্ড ডিজাইন স্টাডি ফর প্রায়োরিটিজ আইডব্লিউটি রুটস’ শীর্ষক সমীক্ষা কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে নেদারল্যান্ডের প্রতিষ্ঠান ‘হ্যাসকোনিং ডিএইচভি’।
ঢাকার উত্তরায় ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য এপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের প্যাকেজ-ই এর আওতায় একটি বেসমেন্টসহ ১৬তলা বিশিষ্ট ৮টি ‘এ’ টাইপ ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট ৮টি ভবনে মোট ফ্ল্যাট হবে ৬৭২টি। এসব ভবন নির্মাণে মোট ব্যয় হবে ৩৪১ কোটি ২৮ লাখ টাকা।
এছাড়া বৈঠকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’-এর আওতায় ৮টি আধুনিক স্টিল সাইলো নির্মাণে ‘গ্যারিকো ফ্রান্স এসএ’ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৭ কোটি ৮০ লাখ টাকা।
ক্রয় কমিটি ২৫ হাজার মেট্রিকটন ইউরিয়া সার আমদানির একটি ক্রয় প্রস্তাবও অনুমোদন দিয়েছে বলে জানান মোস্তাফিজুর।
তিনি বলেন, ‘মেসার্স প্রোটন ট্রেডার্স’ প্রতি মেট্রিকটন সার ২৭৩ দশমিক ৩২ ডলার দরে সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৩২ লাখ টাকা।
