২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার বেইজ স্টেশনকে থ্রিজি করবে গ্রামীণফোন

আগামী জুনের মধ্যে ১০ হাজার বেইজ স্টেশনকে থ্রিজিতে রূপান্তরের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:24 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মঙ্গলবার হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  রাজীব শেঠি।

গ্রামীণফোনের প্রধান অংশীদার নরওয়ের টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেঠি বলেন, ২০১৩ সালের শেষ দিকে থ্রিজি সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত গ্রামীণফোন ৫ হাজার ৮৩১টি বেইজ স্টেশনকে থ্রিজিতে রূপান্তর করেছে।

এ বছরের প্রথম প্রান্তিকে আরও ১৭শ’ থ্রিজি বেইজ স্টেশন স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, “এর ফলে এ সময়ের মধ্যে আমাদের গ্রাহকদের ৯০ শতাংশ থ্রিজি সেবার আওতায় আসবে। এই ১০ হাজার থ্রিজি বেইজ স্টেশন দেশের মোবাইল শিল্পে স্থাপিত মোট বেইজ স্টেশনের শতকরা ৬০ শতাংশ।”

নেটওয়ার্ক সম্প্রসারণে ২০১৫ সালে গ্রামীণফোন উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছে এবং এই ধারা বজায় রাখাই গ্রামীণফোনের উদ্দেশ্য বলে জানান শেঠি।

টেলিনরের সিইও সিগভে ব্রেক্কে বলেন, “গত দুই বছরে গ্রামীণফোন ভয়েস কম্যুনিকেশনের পাশাপাশি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরের দিকে জোর দিয়েছে।

“এ রূপান্তরের অংশ হিসেবে গ্রামীণফোন শুধু নেটওয়ার্ক ও ডাটা সেবা খাতেই উল্লেখযোগ্য বিনিয়োগ করেনি, টেলিনরের সহায়তায় শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতে নতুন ডিজিটাল কনটেন্ট ও সমৃদ্ধ ই-সেবা চালু করেছে, যেসব গ্রাহকদের আস্থা অর্জন করেছে।”

গ্রামীণফোন দেশের ৬৪ জেলা শহর ও ৪৮১টি উপজেলায় থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করেছে।

বাংলাদেশে থ্রিজি সেবা শুরুর পরপরই গ্রামীণফোন, টেলিনর গ্রুপের ডিজিটাল আকাংখা ‘সবার জন্য ইন্টারনেট’এর একাত্মতার ঘোষণা দেয়।

গ্রামীণফোন ২০১৯ সালের মধ্যে ৫ কোটি ইন্টারনেট গ্রাহক অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা নিচ্ছেন দেড় কোটিরও বেশি গ্রাহক।