‘বিনা কারণে’ আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বাড়ছে
কোনো কারণ ছাড়াই আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের দাম বাড়ছে বলে দাবি করেছে কোম্পানিটি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
গত সপ্তাহ পর্যন্ত নয় কার্যদিবসে শেয়ারটির দর ২৯ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৮৫ টাকা ৬ পয়সায় উঠে, যা আগে ছিল ৬৬ টাকা ১ পয়সা।
গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর ৩৩ টাকা ৬ পয়সা থেকে ৮৭ টাকা পর্যন্ত বেড়েছে।
এই দর বৃদ্ধির হারকে ‘অস্বাভাবিক’ বিবেচনা করে কারণ জানতে চেয়ে ডিএসই রোববার নোটিস পাঠায়।
সাধারণত কোম্পানির বিষয়ে কোনো ভাল সংবাদ থাকলে তার উপর ভিত্তি করে শেয়ারের দাম বাড়ে।
কিন্তু আনোয়ার গ্যালভানাইজিং ডিএসইকে বলেছে, দাম বাড়ার মতো মূল্য সংবেদনশীল কোনো খবর তাদের কাছে নেই।
‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
