শতভাগ লভ্যাংশ দেবে এডিএন টেলিকম
পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা টেলিযোগাযোগ খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের জন্য শতভাগ বোনাস শেয়ারের ঘোষণা দিয়েছে।
বুধবার রাজধানীর এক হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৪-১৫ অর্থবছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে পরিচালক হিসেবে মঈনুল ইসলাম ও মাহফুজ আলী সোহেল এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসিফ মাহমুদের পুনঃনিয়োগও অনুমোদন দেওয়া হয়।
এডিএন টেলিকমের চেয়ারম্যান ও এমডি আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে এডিএন টেলিকম ছয় কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৪৫ লাখ টাকা বেশি।
গত অর্থবছরে কোম্পানির আয় আগের বছরের চেয়ে ১০ কোটি ৪২ লাখ টাকা বেড়ে ৬১ কোটি ৭৩ লাখ টাকা হয়েছে; শেয়ারপ্রতি আয় হয়েছে (আর্নিং পার শেয়ার) ৩ টাকা ৯ পয়সা।
আসিফ মাহমুদ বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ্যেও গত অর্থবছরে আমাদের কোম্পানি আগের অর্থবছরের তুলনায় ২০ শতাংশ বেশি আয় করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আমাদের সম্পৃক্ততা ইতোমধ্যে বেড়েছে।”
পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য টেলিযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর মধ্যেই এডিএনকে ছাড়পত্র দিয়েছে বলে জানান তিনি।
“বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের তালিকাভুক্তির আবেদন প্রক্রিয়াধীন। আশা করছি, আমাদের কোম্পানি সহসাই তালিকাভুক্ত হবে।”
আরেক শেয়ারহোল্ডার সেফ ভেনচার ম্যানেজমেন্ট এলএলসির ম্যানেজিং পার্টনার মোহাম্মাদ আলতাফ উজ জামান ১০০ ভাগ বোনাস শেয়ার দেওয়ার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
গুলশানের হোটেল লেকশোরে কোম্পানি সচিব মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
