২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালকা প্রকৌশল শিল্পের ৯০০০ কারিগরকে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ

দক্ষতা বাড়াতে হালকা প্রকৌশল শিল্পে কর্মরত প্রায় ৯ হাজার কারিগরকে ৩ বছর বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি(বিইআইওএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

এই উদ্যোগে প্রথম পর্যায়ের কয়েকটি গ্রুপের প্রশিক্ষণ শেষ হওয়ার পর মঙ্গলবার বিইআইওএ মিলনায়তনে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এদিন সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এই প্রশিক্ষণ উদ্যোগে সহযোগিতা করছে বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) ও সুইজারল্যান্ড সরকার।

কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন কারখানায় কর্মরত কারিগরদের দক্ষতা উন্নয়নে ‘মাস্টার ক্রাফটসম্যানশীপ (আপ স্কিলিং)’ কোর্সসহ মোট আটটি কোর্সে ভিন্ন মেয়াদে ৮৯৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ প্লাস্টিক শিল্প সমিতির সভাপতি জসিম উদ্দিন প্রধান অতিথি এবং সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইসলাম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইআইওএ সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১ এর অনুবর্তী। এই কর্মসূচি সরকার ও বেসরকারি খাতে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হবে।

আবদুর রাজ্জাক জানান, বর্তমানে দেশে প্রায় ৪ হাজার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে এবং প্রায় ২ লাখ কারিগর এই শিল্পে নিয়োজিত রয়েছে। সফলভাবে সম্পন্ন করা গেলে নির্দিষ্ট ৩ বছর মেয়াদের পরেও প্রকল্পটি চলমান রাখা যাবে।