২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ও ঢাকা ব্যাংকের বন্ড অনুমোদন

আইএফআইসি ও ঢাকা ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সোমবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আইএফআইসি ব্যাংক ৭ বছরমেয়াদী ৩৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ১০ লাখ টাকা মূল্যের প্রতিটি ইউনিটের কুপন রেট (সুদের হার ) হবে ১০ থেকে ১২ শতাংশ।

বন্ডটি সম্পূর্ণ রিডিমঅ্যাবল হবে অর্থাৎ মেয়াদ শেষে বিনিয়োগকারী পুরো অভিহিত মূল্য ফেরত পাবে।

বন্ড ছেড়ে তোলা অর্থ ব্যাসেল-৩ এর নির্দেশনা অনুযায়ী মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে আইএফআইসি ব্যাংক।

এর ট্রাস্টি হিসাবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

অন্যদিকে একই মেয়াদে ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক।

নন-কনভার্টঅ্যাবল, আনলিস্টেড, সম্পূর্ণ রিডিমঅ্যাবল বৈশিষ্ট্যের বন্ডটি ছেড়ে তোলা অর্থ দিয়ে ব্যাসেল-২ শর্ত পূরণ করবে ঢাকা ব্যাংক।

১০ লাখ টাকা মূল্যের প্রতিটি ইউনিট ইস্যু করা হবে, যার কুপন রেট হবে ১০ থেকে ১৩ শতাংশ।

ব্যাংকটির ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।