২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে আরও ১৮ কোটি ডলার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্রকে কম্বাইন্ড সার্কেলে রূপান্তরে অতিরিক্ত অর্থ সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:07 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।

সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী সফিকুল আজম এবং বিশ্ব ব্যাংকের পক্ষে সংস্থার ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ইফফাত শরিফ স্বাক্ষর করেন।

সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২০০৮ সালে ৩৫ কোটি ডলার দিয়েছিল বিশ্ব ব্যাংক। এখন ওই কেন্দ্রটি কম্বাইন্ড সার্কেলে রূপান্তর করা হবে, যাতে উৎপাদন ক্ষমতা বেড়ে কেন্দ্রটি থেকে ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

এজন্য বিশ্বব্যাংক এ প্রকল্পে অতিরিক্ত ১৭ কোটি ৭০ লাখ ডলার অর্থায়ন করবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

৩৮ বছরে বাংলাদেশকে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে গ্রেস পিরিয়ড থাকছে ছয় বছর। সুদ দিতে হবে দশমিক ৭৫ শতাংশ হারে। 

অনুষ্ঠানে কাজী সফিকুল আজম বলেন, “বর্তমানে উন্নয়ন সহযোগীদের মোট সহায়তার ৩০ শতাংশই যোগান দিচ্ছে বিশ্বব্যাংক। তাছাড়া চুক্তিবদ্ধ হওয়া প্রকল্পে অর্থ ছাড়ের পরিমাণও ২২ শতাংশের বেশি। অন্যান্য উন্নয়ন সহযোগীদের অর্থছাড় গড়ে ২০ শতাংশের নিচে। এ বছর বিশ্বব্যাংকের সাথে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির লক্ষ্যমাত্রা রয়েছে।”

অনুষ্ঠানে ইফফাত শরিফ বলেন, “সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে। বিশ্ব ব্যাংক এ পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।”

এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের উৎপাদন বাড়ার সাথে সাথে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিদ্যুৎ খাতের সিস্টেম লস ১১ থেকে ১২ শতাংশে নেমে এসেছে। আগে তা ৩০ শতাংশের বেশি ছিল।