২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাঁচাবাজারে স্বস্তি, মিলছে আগের দামেই

চট্টগ্রামের কাঁচাবাজারে অপরিবর্তিত রয়েছে সবজির দাম। গত সপ্তাহের দামেই মিলছে প্রায় সব কাঁচাপণ্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শীতকালিন সবজির সরবরাহ বাড়ায় দামে তেমন হেরফের হয়নি বলে জানিয়েছেন কাঁচা পণ্যের পাইকারি বিক্রেতারা।

চট্টগ্রামের পাইকারি কাঁচা পণ্যের বৃহত্তম বাজার রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মকর্তা শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরবঙ্গ থেকে প্রচুর সবজি আসছে। সাথে চট্টগ্রামের উপজেলাগুলোতেও শীতকালিন সবজির উৎপাদন ভালো হচ্ছে।

“সরবরাহ স্থিতিশীল থাকা সাপেক্ষে কাঁচাবাজারের স্বস্তি নির্ভর করে। শীতকালিন সবজির উৎপাদন ভালো হওয়ায় এ স্বস্তি দীর্ঘ হতে পারে।”

রিয়াজউদ্দিন বাজারে সপ্তাহের বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আনোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁচাবাজারে এমন অবস্থা বিরাজ করলে শান্তি লাগে।

“আগে ৫০০ টাকার সবজিতে থলে ভরত না। এখন থলে বহন করা মুশকিল হয়ে যাচ্ছে।”

শুক্রবার সরেজমিনে রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, মূলা আর বাঁধাকপি কেজিপ্রতি ১৫ টাকায় পাওয়া যাচ্ছে। ফুলকপি, শিম, টমেটোও পাওয়া যাচ্ছে ৩০ টাকায়, যা গত সপ্তাহেও বিক্রি হয়েছিল একই দামে।

তবে ঢেঁড়স আর বরবটির দাম তুলনামূলক একটু বেশি। এ দুটো সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়।

কারণ হিসেবে বিক্রেতারা জানালেন শীতকালিন সবজি না হওয়ায় অন্য সবজির তুলনায় এগুলোর সরবরাহ একটু কম। তাই দাম একটু বেশি।

অন্যদিকে মিষ্টি কুমড়া, চিচিংগা ও পেঁপে বিক্রি হতে দেখা গেছে  ২৫ টাকা কেজি। কাঁচামরিচের দামও তুলনামুলক কম। প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

মাছের বাজারও রয়েছে স্থিতিশীল। তেলাপিয়া প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। রুই মাছও গত সপ্তাহের দামেই বিকোচ্ছে। প্রতিকেজি রুই ১৮০ থেকে ২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

সমুদ্রের টাইগার চিংড়ির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়েছে। প্রতিকেজি টাইগার চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

ব্রয়লার মুরগিও দামেও কোন হেরফের হয়নি। গত সপ্তাহের একই দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১১০ টাকায় পাওয়া যাচ্ছে।

দাম হেরফের না হওয়ার তালিকায় রয়েছে গরুর মাংসও। হাড়ছাড়া গরুর মাংস পাওয়া যাচ্ছে ৪৮০ টাকায়। হাড়সহ বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।