মধ্যবর্তী লভ্যাংশ চায় তিতাসের বিনিয়োগকারীরা
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আগের বছরের তুলনায় অর্ধেকেরও কম লভ্যাংশ দেওয়ায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা মধ্যবর্তী লভ্যাংশের দাবি জানিয়েছেন।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটি তাদের এ দাবি সরাসরি নাকচও করেনি, আবার কোনো প্রতিশ্রুতিও দেয়নি।
পুঁজিবাজারের অন্যতম বড় মূলধনী এই কোম্পানি ২০১০ সাল থেকে ন্যূনতম ৩০ শতাংশ লভ্যাংশ দিয়ে আসলেও ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব করে।
মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়। এতে সরকারি এ কোম্পানির পরিচালকদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীও অংশ নেন। সভায় লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
এতে ক্ষুব্ধ আলমগীর ভূইয়া নামে এক বিনিযোগকারী বলেন, “এমন কী ঘটনা ঘটেছে যে, আগের বছরের ৩৮ শতাংশ লভ্যাংশ এ বছর ১৫ শতাংশে নেমে এল।
“এই কম লভ্যাংশের কারণেই শেয়ারের মূল্যে প্রভাব পড়েছে। গত দেড় মাসে তিতাসের শেয়ার দর পড়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এতে আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।”
আসাদুর রহমান নামে এক বিনিয়োগকারী বলেন, “আমরা আশা করেছিলাম, ৪০ শতাংশ লভ্যাংশ পাব। কিন্তু এর অর্ধেকও পাইনি।”
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ১১ নভেম্বর ১৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়; যে কোম্পানির ৯৮ কোটি ৯২ লাখ শেয়ারের ৭৫ শতাংশই রয়েছে সরকারের কাছে। বাকি ২৫ শতাংশ রয়েছে প্রায় ১৮ হাজার প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে।
২০১৪-২০১৫ অর্থবছরে কোম্পানিটি ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে আয় করেছে ৮ টাকা ৯৮ পয়সা; যা আগের বছর ছিল ১০ টাকা ২১ পয়সা।
প্রতিটি শেয়ারে প্রায় ৯ টাকা আয় করলেও বিনিয়োগকারীদের কেন দেড় টাকা লভ্যাংশ দেওয়া হলো সে প্রশ্ন তুলে কারণ জানতে চান তারা।
তবে বিনিয়োগকারীদের প্রশ্নের জবাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও পদাধিকারবলে তিতাসের চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী।
গত ১ সেপ্টেম্বর থেকে তিতাসের গ্যাস বিতরণ কমিশনের ক্ষেত্রে নতুন মার্জিন ধার্য করেছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর প্রভাবে কোম্পানির মুনাফা কমছে বলে তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে।
নতুন মার্জিনের ফলে চলতি বছরের (২০১৫-২০১৬) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তিতাসের নিট মুনাফা ৩৩ দশমিক ৭২ শতাংশ কমেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানিয়েছে পুঁজিবাজারে জ্বালানি খাতের সবচেয়ে বড় কোম্পানিটি।
এ কারণেই বিনিয়োগকারীদের দাবির মুখে তিতাস চেয়ারম্যান জানালেন, বিইআরসি বিতরণ মার্জিন হার পুনর্বিবেচনা করলে তারাও মধ্যবর্তী লভ্যাংশ দিতে পারবেন।
নাজিমউদ্দিন চৌধুরী বলেন, “আমি প্রত্যেক বিনিয়োগকারীর জন্য অত্যন্ত সহানুভূতিশীল। আমরা আপিল করেছি। আমি আশাবাদী সুফল পাব।
“কথা দিচ্ছি, সুফল পেলে ইনটেরিম ডিভিডেন্ট দেওয়া হবে।”
৯৮৯ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি তিতাস গ্যাস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে।
