পুঁজিবাজার: পতনের ধারাতেই সপ্তাহ শেষ
দরপতনের ধারা নিয়েই দেশের পুঁজিবাজরে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুই বাজারেই সূচক এবং লেনদেন কমেছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৩ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৭ পয়েন্টে হয়েছে।
ঢাকার পুঁজিবাজারে লেনদেন প্রায় দুই শতাংশ কমেছে। এদিন লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি ১০ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
টাকার পরিমাণে এই বাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, আলহাজ টেক্স এবং আফতাব অটো।
সিএসইতে লেনদেন কমেছে প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। এদিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে এক কোটি ৫০ লাখ টাকা কম।
সিএসইতে এদিন মোট লেনদেন হয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১১৬টি ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা গেলেও সোমবার দুই পুঁজিবাজারেই সূচক পতন হয়। মঙ্গলবার ও বুধবার সূচকের পাশাপাশি লেনদেনও কমে যায়, যা সপ্তাহের শেষ দিনেও অব্যাহত থাকে।
