বিপিসির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা করার সুপারিশ
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদিত মূলধন একশ কোটি টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদে তোলা এ সংক্রান্ত খসড়া আইনে অনুমোদিত মূলধন বাড়ানোর বিধান সংযোজনের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৭৬ সালের এ সংক্রান্ত অধ্যাদেশটি বিলোপ করে নতুন এই আইন হচ্ছে। অধ্যাদশে করপোরেশনে একজন চেয়ারম্যান এবং পাঁচজন পরিচালক থাকার বিধান ছিল। নতুন আইনের খসড়ায় একজন চেয়ারম্যান ও আটজন পরিচালক রাখার কথা বলা হয়েছে।
খসড়া আইনে পেট্রোলিয়াম করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করার কথা বলা হলেও সংসদীয় কমিটি মনে করছে, এর পরিমাণ একশ কোটি হওয়া উচিৎ।
কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মো. শিবলী সাদিক, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশ নেন।
