২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার মেলা শুরু বৃহস্পতিবার

পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানি ও সংস্থা নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের পুঁজিবাজার মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 06:47 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

বৃহস্পতিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৫’ নামে এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজক ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে মানুষের নেতিবাচক মনোভাব দূর করা ও অর্থনীতিতে পুঁজিবাজারের গুরুত্ব সম্পর্কে অবহিত করতেই এই মেলার আয়োজন।

“নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে মেলায় ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সামনে পুঁজিবাজারের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হবে।”

মেলার দ্বিতীয় দিনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও শেষ দিন তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন।

মেলায় বিভিন্ন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান ও পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি স্টল থাকবে।

এছাড়াও আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি ও বাংলাদেশ অর্থনীতি সমিতিকে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে।

মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিনামূল্যে কূপনের ব্যবস্থা থাকছে। এই কূপনের মাধ্যমে ঢাকা থেকে মালয়েশিয়া এবং ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের সুযোগসহ প্রতিদিন ২০ জনের জন্য বিভিন্ন পুরস্কার থাকছে।