২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ না দিলে ফি পাবে না মিউচুয়াল ফান্ড

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দিতে পারলে সংশ্লিষ্ট ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের ফি কাটার বিধান রেখে মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত বৈঠকে সংশোধিত বিধিমালায় অনুমোদন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে নির্দিষ্ট হারের চেয়ে বেশি নগদ লভ্যাংশ দিতে পারলে নির্দিষ্ট হারে বোনাস ফি নিতে পারবে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি। এছাড়া অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদানের সুযোগও রাখা হয়েছে বিধিমালায়।

জনমত জরিপের জন্য সংশোধিত এই বিধিমালা দৈনিক পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শেয়ারবাজার এবং শেয়ারবাজার বহির্ভূত ফান্ডের বিনিয়োগ পত্রকোষ (পোর্টপোলিও) মাসিক ভিত্তিতে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে বিধিমালায়। এছাড়া সপ্তাহের পরিবর্তে দৈনিক ভিত্তিতে ইউনিটের সম্পদমূল্য প্রকাশ করতে হবে।

সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, প্রতি দুই বছর অন্তর ইউনিটহোল্ডারদের সাধারণ সভা আয়োজন করে ফান্ডের দক্ষতা ও ফান্ড সংশ্লিষ্ট পক্ষগুলোর দক্ষতা নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে পক্ষ পরিবর্তনে সিদ্ধান্ত নিতে পারবে ইউনিটহোল্ডাররা।

অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- পুঁজিবাজারবহির্ভূত নির্ধারিত বিনিয়োগসীমার সর্বোচ্চ অর্ধেক অর্থ স্থায়ী আমানতে বিনিয়োগ করা যাবে। অর্থাৎ ফান্ডের আকারের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত স্থায়ী আমানতে বিনিয়োগ করা যাবে। ইউনিটের বিক্রয়মূল্য ও পুনঃক্রয়মূল্যের মধ্যকার পার্থক্য তিন থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

সংশোধনীতে বলা হয়েছে, মেয়াদি ফান্ডের মেয়াদ সর্বমোট ১০ বছরের বেশি হবে না। মেয়াদ বর্ধন অথবা রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে এবং ইউনিটভিত্তিক ভোট গণনা করতে হবে। সকল বে-মেয়াদি ফান্ডকে ডিম্যাট আকারে পরিবর্তন করতে হবে। এ ছাড়াও এক্সচেঞ্জগুলোতে বে-মেয়াদি ফান্ডের স্বতন্ত্র ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করতে হবে।

মেয়াদি ফান্ড বিশেষ অবস্থায় একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইউনিট বাই-ব্যাক করতে পারবে। একই প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হতে পারবে না।

সম্পদ ব্যবস্থাপক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কমিশনের পূর্বানোমোদন নিতে হবে। সম্পদ ব্যবস্থাপক কোম্পানির পরিশোধিত মূলধন হতে হবে ১০ কোটি টাকা।