২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শেয়ারে বড় দরপতন

বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের (জিপি) শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:39 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

সোমবার এ কোম্পানির প্রতিটি শেয়ার ১১ টাকা ৭০ পয়সা দর হারিয়েছে। শতাংশ হিসাবে দরপতনের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।

একজন বাজার বিশ্লেষক বলছেন, বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় গ্রামীণফোনের শেয়ারের ‘মূল্য সমন্বয়’ হয়েছে।

ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েকদিন জিপির শেয়ারের দাম ২৫০ টাকা থেকে প্রায় ২৭০ টাকা পর্যন্ত উঠেছিল। এই কয়দিনে যারা শেয়ারটি কিনেছিলেন তারা লাভ তুলে নেওয়ার জন্য বিক্রি করেছেন। এজন্য বিক্রির চাপ বেড়ে যাওয়ায় দাম পড়েছে।”

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পুঁজিবাজারে গ্রামীণফোনের অংশ ১২ দশমিক ৮৩ শতাংশ। সোমবার টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে গ্রামীণফোন ছিল পাঁচ নম্বরে।

এদিন গ্রামীণফোনের ১৪ কোটি ৫৮ লাখ টাকার ৫ লাখ ৫২ হাজার ৯৬৯টি শেয়ার হাতবদল হয়।

সর্বোচ্চ দর ওঠে ২৬৮ টাকা ৭০ পয়সায়, সর্বনিম্ন দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা। লেনদেন শেষ হয় ২৫৭ টাকা ৫০ পয়সায়।

গ্রামীণফোনের দরপতনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে নেমে এসেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৭১ পয়েন্ট কমে হয়েছে ১৪ হাজার ৬৩ পয়েন্ট।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৫০০ কোটি টাকা তুলে নেয় গ্রামীণফোন; যার প্রায় ৫৬ শতাংশ শেয়ার রয়েছে নরওয়েভিত্তিক টেলিনরের কাছে।

২০১৩ সালের নভেম্বরে ১৮০ টাকা দাম ছিল গ্রামীণফোনের শেয়ারের। পরের বছর অক্টোবরে ১২২ শতাংশ বা ২২২ টাকা বেড়ে শেয়ারের দাম হয় ৪০০ টাকা।

গত ডিসেম্বর থেকে চলতি বছর ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬০ থেকে ৩২০ টাকায় ওঠানামা করে গ্রামীণফোনের শেয়ারের দাম।

৮ সেপ্টেম্বর থেকে ৫৫ টাকা কমে গত ৮ অক্টোবর দিন শেষে গ্রামীণফোনের শেয়ারের দাম দাঁড়িয়েছিল ২৬০ টাকায়।