২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হোম লোন’ পাবে প্রবাসীরা

প্রবাসী বাংলাদেশিদের দেশে বাড়ি করা বা ফ্লাট কিনতে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

তবে এক্ষেত্রে হাউজিং লোনের মূল নীতিমালা ‘গাইডলাইন অব প্রুডেনশিয়াল রেজুলেশন ফর কনজুমার ফাইন্যান্সিং (রেজুলেশন ফর হাউজিং ফাইন্যান্স) অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসানউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে। নিয়মিত প্রচুর রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা অর্থনীতিকে চাঙ্গা রাখার পাশাপাশি আমাদের বৈদেশিক সম্পদ ভাণ্ডার সমৃদ্ধ করছে। এজন্য প্রবাসীদের জন্য কিছু সুযোগ-সুবিধা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

আগামীতে আরও কিছু সুবিধা চালু করা হবে বলেও জানান তিনি।

সার্কুলারে বলা হয়েছে, এডি ব্যাংকগুলো (বৈদেশিক মুদ্রা লেনদেনকারি ব্যাংক) এখন থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে বাড়ি বানাতে বা ফ্লাট কিনতে টাকায় ঋণ দিতে পারবে। একটি বাড়ি বা ফ্লাটের মোট মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। আর বাকি ৫০ শতাংশ ঋণ গ্রহীতাকে দিতে হবে। তবে ঋণ গ্রহীতার এই অর্থ আসতে হবে বৈদেশিক উৎস থেকে।

“এই ঋণের ক্ষেত্রে গ্রাহকের বাড়ি বা ফ্লাট হবে ব্যাংকের মুল জামানত। এর সাথে গ্রাহকের বন্ড বা সঞ্চয়পত্র (যদি থাকে) সেগুলোও ব্যাংক জামানত হিসেবে নিতে পারবে। একইসাথে ব্যক্তিগত জামানতও নিতে পারবে ব্যাংক।

তবে ঋণ বিদেশ থেকে পরিশোধ করার নির্দেশনা রয়েছে সার্কুলারে।

“এজন্য গ্রাহকের নন রেসিডেন্স টাকা একাউন্ট (এনআরটিএ) থাকতে হবে। তবে ওই বাড়ি বা ফ্লাট থেকে কোনো আয় হলে সে অর্থও ঋণ পরিশোধে ব্যবহার করতে পারবেন গ্রাহক।” 

গাইডলাইন অব প্রুডেনশিয়াল রেজুলেশন ফর কনজুমার ফাইন্যান্সিং (রেজুলেশন ফর হাউজিং ফাইন্যান্স) অনুযায়ী এ খাতে ব্যাংক সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা পর‌্যন্ত ঋণ দিতে পারে। ব্যক্তিগত জামানতকারী হিসেবে দেশে বসবাসকারী গ্রাহকের আত্মীয় স্বজন, সরকারি চাকরজীবী বা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারবে বলে ওই নীতিমালায় বলা আছে।

বাড়ি বানানো বা ফ্লাট কেনার জন্য মোট মূল্যের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ পেয়ে থাকে দেশে বসবাসকারীরা।