বিদেশি বিমানের টিকেট বিক্রি বন্ধের হুমকি আটাবের
বিমানের মূল ভাড়ার সঙ্গে জ্বালানির কথিত খরচ আলাদা করে নেওয়ায় কমিশন বঞ্চিত হচ্ছে দাবি করে স্থানীয় ট্রাভেল এজেন্টরা বিদেশি এয়ারলাইন্সের টিকেট বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
শনিবার রাজধানীর নয়া পল্টনে আটাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।
আটাব বলছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জ্বালানি সারচার্জ সমন্বয় করে টিকেটের মুল্য নির্ধারণ করার নির্দেশ দিলেও তা মানছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। ফলে টিকেট প্রতি ছাড় বা কমিশন থেকে বঞ্চিত হচ্ছে ক্রেতা ও এজেন্সিগুলো।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই বৈঠক করে সব এয়ারলাইন্সকে সতর্ক করে দেওয়া হবে।
আটাব সভাপতি এস এন মানজুর মুর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারচার্জ কোনো দেশেরই সরকারি ট্যাক্স নয়। কিন্তু একে ট্যাক্স বলেই অভিহিত করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই সারচার্জ মূল ভাড়ার চেয়েও বেশি, যা কোনো দেশের আইনেই সম্ভব হতে পারে না।”
সংবাদ সম্মেলনে আটাব সভাপতি বলেন, “আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হলে মালয়েশিয়া এয়ারলাইন্স ও ইতিহাদ এয়ারওয়েজসহ বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্সকে বয়কট করা হবে।
“এরপরও সমস্যা সমাধানের উদ্যোগ না নেওয়া হলে সব এয়ারলাইন্সের টিকেট বিক্রি বন্ধ করে দেওয়া হবে।”
জ্বালানি সারচার্জ সমন্বয় নিয়ে আটাবের দাবির প্রসঙ্গে মন্ত্রী মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একবার নয়, বেশ কয়েকবার বেবিচককে বলেছি, বিদেশি এয়ারলাইন্সগুলোকে বলতে যে, এটা ঠিক হচ্ছে না। কেন এটা সমাধান হচ্ছে না, বুঝতে পারছি না।
“সামনে এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে, সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি বেবিচক এটার সমাধান না করে তাহলে মন্ত্রণালয় বিদেশি এয়ারলাইন্সগুলোকে ডাকবে।”
আটাব সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ২০০৫ সাল থেকে কুপন প্রতি ৫ ডলার করে সারচার্জ আরোপ করা শুরু করে এয়ারলাইন্সগুলো।
“গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে তেলের মুল্য অনেক কমলেও সেই সারচার্জ কমানো হয়নি। বরং তা ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর থেকে কোনো রেভিনিউ সরকারের কোষাগারে জমা হচ্ছে না। ট্রাভেল এজেন্টরাও পাচ্ছে না।”
তিনি বলেন, ২০১৪ সালে ১৪৫ কোটি টাকা সারচার্জের নামে অতিরিক্ত আদায় করেছে বিদেশি এয়ারলাইন্সগুলো।
“বাংলাদেশ থেকে বিদেশগামী রুটে মূল ভাড়া কম দেখিয়ে তার চেয়ে অনেক বেশি সারচার্জ রেখে টিকেটের মুল্য নির্ধারণ করছে এয়ারলাইন্সগুলো। কিন্তু বিদেশ থেকে এদেশগামী টিকেটে এ সারচার্জ নামমাত্র রেখে মূল ভাড়া চড়াই রাখছে তারা।”
উদাহরণ হিসেবে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রসঙ্গ তুলে ধরেন আটাব সভাপতি মানজুর।
তিনি বলেন, “ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার মূল ভাড়া ১৪ হাজার ৩১৯ টাকা, যার সঙ্গে যুক্ত করা হয়েছে ১৬ হাজার ৫৬৪ টাকার ফুয়েল সারচার্জ। এতে সরকারি করসহ মূল টিকেটের দাম দাঁড়াচ্ছে ৩৬ হাজার ৪৫৬ টাকা।
“আবার কুয়ালালামপুর-ঢাকা-কুয়ালালামপুরের মূল ভাড়া ৩২ হাজার ১৬৯ টাকা। এক্ষেত্রে ফুয়েল সারচার্জ ধরা হয়েছে ৩১০ টাকা। সরকারি করসহ ভাড়া দাঁড়াচ্ছে ৩৮ হাজার ৫২ টাকা।”
আটাব সভাপতির অভিযোগ, টিকেটে মূল ভাড়ার ওপর যাত্রী প্রতি ৭ শতাংশ কমিশন দেওয়ার দায় এড়াতেই তারা এ অসাধু পন্থা অবলম্বন করছে।
অনুসন্ধানে জানা গেছে, এ বিষয়ে ট্রাভেল এজেন্সিগুলোর কাছ থেকে অভিযোগ পেয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফার জেসমিন খান স্বাক্ষরিত এক চিঠিতে বেবিচক চেয়ারম্যানকে সব বিমান সংস্থাকে ফুয়েল সারচার্জকে ভাড়ার সঙ্গে একীভূত করতে নির্দেশ দিতে বলা হয়।
সরকারি ট্যাক্সের বাইরে সারচার্জ সমন্বয় করে মূল ভাড়া নির্ধারণ ও তার ওপর কমিশন নির্ধারণের জন্য গত বছরের ডিসেম্বরে নির্দেশ দেয় বেবিচক। কিন্তু বিষয়টি কার্যকরে কোনো উদ্যোগ দেখা যায়নি। এ কারণে গত বছর বাড়তি ১৪৫ কোটি ৮০ লাখ টাকা নিয়ে যায় বিদেশি বিমান সংস্থাগুলো।
বর্তমানে ২৫টি বিদেশি বিমান সংস্থা বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে। আর ট্রাভেল এজেন্সি রয়েছে প্রায় তিন হাজার।
