শীতের আবহেও সবজিবাজারে ‘গরম’
বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সেই তুলনায় কমছে না দাম। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে বিপরীত চিত্রও।
এই সময়ে বাজারে সবচেয়ে বেশি সরবরাহ থাকা ফুলকপি, বাঁধাকপি, শিমের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে।
নতুন আলুর দাম কমে এলেও পুরনো আলুর দামের উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বেড়েছে ডিমের দামও।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পিস ফুল ও বাঁধাকপি আকার ও মান ভেদে ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৫ থেকে ২৫ টাকায় মিলেছিল।
শিমের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। শুক্রবার বাজারগুলোতে বিভিন্ন জাতের শিম ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
এই সময়ের আরেকটি সবজি টমেটোর সরবরাহ বেড়েছে বাজারে। কাঁচা ও পাকা দুই ধরনের টমেটোই বাজারে পাওয়া যাচ্ছে।
শুক্রবার রাজধানির বিভিন্ন বাজারে কাঁচা টমেটো ৪০ থেকে ৫০ টাকা আর পাঁকা টমোটো ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
শীতকালীন সবজির দাম বাড়ার বিষয়ে সুষ্পষ্ট ব্যাখ্যা নেই পাইকারি বা খুচরা বিক্রেতা কারোর কাছেই।
কেউ আবহাওয়ার দায় দিচ্ছে, আবার কেউ বলছে সরবরাহ বাড়া-কমার আদি তত্ত্ব।
রাজধানীতে শাক-সবজির সবচেয়ে পাইকারি বাজার কারওয়ান বাজার আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের যেসব এলাকায় সবজি উৎপাদন হয় ওইসব এলাকায় সম্প্রতি বেশি কুয়াশা পড়ছে। এতে সবজির মান নষ্ট হচ্ছে। যে কারণে সরবরাহ থাকলেও ভালো সবজির দাম একটু বেশি। তবে তাড়াতাড়ি এসব সবজির দাম কমে আসবে।”
আরেকজন আড়ৎ ব্যবসায়ী নাসিরউদ্দিন আহমেদ বলেন, “এখন বাজারে যেসব শীতকালীন সবজি আছে সেগুলো আগাম চাষ করা। এখন আগাম চাষের সবজির পর্ব শেষ হচ্ছে, সেজন্য দাম একটু বেশি। আগামী সপ্তাহের মধ্যে শীতের মৌসুমি সবজি বাজারে আসবে। তখন কপি বা শিম সব কিছুরই দাম কমবে।”
ফাইল ছবি
শাল শাক, পালং শাক বিক্রি হচ্ছে পাঁচ টাকা আঁটি দরে। ধনে পাতা ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
কমেছে আমদানি করা পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।
কমেছে আদার দামও; আমদানি করা আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। যা গত সপ্তাহে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, মিস্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় মিলছে।
তবে ব্যবসায়ীদের কথায় বিশ্বাস করেন না ক্রেতারা।
রাজধানীর মুগদা বাজারের ক্রেতা মিন্টু বলেন, “কাঁচাবাজারে কোনো নিয়ম কানুন নেই। যার যেমন সুযোগ সে সেইভাবে দাম নিচ্ছে। কোনোভাবেই দাম কমে না, অথচ দাম বাড়ে।”
