আমদানি নীতিমালায় সায়
আমদানি নীতি ২০১৫-১৮ অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সভায় এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়।
পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, চূড়ান্ত অনুমোদনের জন্য আমদানি নীতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
“বর্তমান বাস্তবতার উপর নির্ভর করে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করেই এই নীতি করা হয়েছে।”
তিনি বলেন, “বাস্তবতার নিরিখে, সব দিক বিবেচনা করে, ব্যবসা-বাণিজ্য যাতে প্রসারিত হয়, সকল ব্যবসায়ীদের যাতে সুবিধা হয় এবং আমাদেরও যাতে রেভিনিউ বাড়ে- এসব লক্ষ্য রেখে আমরা আমাদনি নীতি প্রণয়ন করেছি।”
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ড্রাই ফ্লাই অ্যাশ ৩০ বছরের জন্য খোলা দরপত্রের মাধ্যমে বিক্রির প্রস্তাবও অনুমোদন দিয়েছে।
নয় প্রস্তাব অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি।
তিনি বলেন. রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাশান ফেডারেশন এটমস্ট্রয়এক্সপোর্টের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অতিরিক্ত ১৯০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে স্থাপন প্রকল্পে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের আরেকটি ক্রয় প্রস্তাবেও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
মাকসুদুর জানান, মহেশখালী-আনোয়ার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য ১৬৩ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৬৩৭ টাকায় আলাদা দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৩২ মেগাওয়াট সোলার পার্ক স্থাপন এবং ময়মনসিংহের সুতিয়াখালীর ভাংনামারি মৌজায় ৫০ মেগাওয়াট সোলার পার্ক স্থাপনের ক্রয় প্রস্তাব; ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বাড়াতে ৩৭ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ১৭২ টাকায় পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব; পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পে ৫১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৪৭৫ টাকার সংশোধিত ক্রয় প্রস্তাবেও সায় দিয়েছে কমিটি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিনটি প্রকল্পে ৩৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৬১৮ টাকার একটি ক্রয় প্রস্তাব এবং মংলায় ৫০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণ প্রকল্পে ৫৪ কোটি ৮২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
