এনভয় টেক্সটাইল ২২% লভ্যাংশ দেবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত এই ২২ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
লভ্যাংশ ঘোষণা ছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এনভয় টেক্সটাইলের হিসাব বছর পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানানো হয়েছে।
বর্তমানে কোম্পানিটির হিসাব বছর ১ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ সেপ্টেম্বর। পরিবর্তিত হিসাব বছর শুরু হবে ১ জুলাই; শেষ হবে ৩০ জুনে।
২৬ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর পান্থপথে অবস্থিত সামুরাই কনভেনশন সেন্টারে এনভয় টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ৯ ডিসেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৪০ টাকা শূন্য ৯ পয়সা।
আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে ১২ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।
২০১২ সালে এনভয় টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
