২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বয়ের সময় বাড়ানোর খবরে চাঙ্গা পুঁজিবাজার

ব্যাংকের বিনিয়োগের সমন্বয়ের সময় বাড়ানোর খবরে চাঙ্গাভাব ফিরে এসেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দুই বাজারেই সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স বেড়েছে ৫১ দশমিক ৬০ পয়েন্ট। এদিন ডিএসইতে ৭৫ শতাংশ কোম্পানিরই দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৪১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা রোববারের চেয়ে ১৯৩ কোটি ৭৯ লাখ টাকা বা ৮৭ শতাংশ বেশি।

লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ারের দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি:, কেডিএস অ্যাক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, তিতাস গ্যাস ট্রান্সমিসন, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও বেক্সিমকো ফার্মা।

সোমবার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ১৬ কোটি ৬৮ লাখ টাকা।

সিএসই সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই পুঁজিবাজারে ব্যাংকের নিজস্ব বিনিয়োগ মূলধনের ২৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সোমবার অর্থমন্ত্রী এই সময় আরও দুই বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তারই ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

“দীর্ঘদিন পর বাজারে একটু আশার সঞ্চার হয়েছে। আশা করছি এখন বাজার স্থিতিশীল হবে।”

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর সর্বশেষ সংশোধনী (২০১৩ এর সংশোধনী) অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা বিবেচনা করে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণ করে দেয়।

ওই নির্দেশনা অনুযায়ী, সাবসিডিয়ারি কোম্পানি না থাকলে কোনো ব্যাংক তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না।

এর বেশি পুঁজিবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ থাকলে তা ২০১৬ সালের ২১ জুলাইয়ের নামিয়ে আনতে বলা হয়।

এখন নতুন করে দুবছর বাড়ানো হলে ব্যাংকগুলো ২০১৮ সালের ২১ জুলাই পর্যন্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাবে।