২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে জাপানী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

দেশের চারটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের একটি প্রকল্প বাস্তবায়নে জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 03:07 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে কর্তৃপক্ষের সদর দপ্তরে ২৯৩ কোটি ২৮ লাখ টাকার এ চুক্তি সই হয়। 

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এম মোস্তাফিজুর রহমান ও জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সাসাহারা হিদেশি এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি গত বছরের ডিসেম্বরে একনেক অনুমোদন দেয়।

প্রকল্পটি বাস্তবায়নে জাপানের সহযোগিতা সংস্থা জাইকা ১৮৮ কোটি ৮৩ লাখ টাকা অনুদান দেবে।

বাকী ১০৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে বেবিচকের তহবিল থেকে।

প্রকল্পের আওতায় চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অত্যাধুনিক প্রাইমারি ও সেকেন্ডারি রাডার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরে একটি করে ডিভিওআর ও ডিএমই এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ এক্সরে স্ক্যানিং মেশিন ও একসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে।