২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিপণ্যে চলছে মূল্যছাড়, সঙ্গে উপহারও

ছুটির অবসরে প্রযুক্তিপ্রেমীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে ল্যাপটপ মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 11:50 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান তিনদিনের এডুমেকার ল্যাপটপ মেলার দ্বিতীয় দিন ছিল শুক্রবার।

প্রযুক্তিপণ্যে ছাড় আর উপহার পেয়ে পছন্দের ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতা-দর্শনার্থীরা।

মেলার উদ্বোধনী দিনের চেয়ে শুক্রবার ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর বেশি সমাগম হয়েছে বলে জানালেন বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মীরা; বিক্রি ভাল হওয়ায় তারাও ছিলেন বেশ ফুরফুরে মেজাজে।

দর্শনার্থীরা ৩০ টাকা প্রবেশমূল্য দিয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘুরে দেখতে পারছেন। স্কুল পড়ুয়ারা তাদের ইউনিফর্ম অথবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারছেন।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভোসহ বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ, এন্টিভাইরাস, মোবাইল ফোন, ক্লোজ সার্কিট ক্যামেরা, সাউন্ড বক্সসহ অন্যান্য প্রযুক্তিপণ্য হ্রাসমূল্যে পাওয়া যাচ্ছে।

সকাল থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীরা ভিড় ছিল চোখে পড়ার মতো; বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেচাকেনার গতিও বাড়ে।

পরিবারের সব সদস্যদের নিয়ে নিয়ে ল্যাপটপ কিনতে আসা অনেককে দেখা গেছে দিনের আলো থাকতে থাকতে পছন্দের পণ্য কিনে বাড়ি ফিরতে।

সন্ধ্যার পরেও দলে দলে বিভিন্ন শ্রেণির মানুষকে মেলার টিকেট নিতে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাতে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতিতে ঠেলাঠেলিও হয়।

উৎসুক দর্শনার্থীদের সামলাতে হিমশিম খেতে দেখা যায় নামিদামী স্টলগুলোর বিপণনকর্মীদের।

সন্ধ্যার পর মেলায় দুই হাজার চারশ টাকায় চারটি স্পিকারের সাউন্ড বক্স কেনেন স্নাতক শ্রেণির শিক্ষার্থী আবির ও মামুন।

তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের প্রচলিত দামের চেয়ে বেশ কমেই শখের সাউন্ড সিস্টেম কিনতে পেরেছেন তারা।

মেলার আগে একই পণ্য তিন হাজার টাকারও বেশি মূল্যে বিক্রি হচ্ছিল বলেও জানায় এই দুই কিশোর।

মেলায় ই-স্ক্যান এন্টিভাইরাস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়, যার সঙ্গে থাকছে ২০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক, একটি ছয়মাস মেয়াদের মোবাইল এন্টি-ভাইরাস ও মিনি ব্যাগ। স্টলটিতে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে।

মেলায় এইচপি ব্রান্ডের ডিলার ডিজিটাল ব্রিজ তাদের পণ্যে দুই হাজার টাকারও বেশি মূল্যছাড় দিচ্ছে।

মেলার দ্বিতীয় দিনে ২৫টিরও বেশি ল্যাপটপ বিক্রি করার কথা জানিয়েছেন বিপণনকর্মী রুহুল আমিন।

ইউরোপীয় ট্যাবলেট পিসি ব্র্যান্ড প্রেস্টিজিও এর পণ্য এনেছে ফ্লোরা লিমিটেড। সর্বোচ্চ ৩০ হাজার টাকা থেকে সর্বনিম্ন ৮ হাজার টাকার পণ্যগুলো কিনলে পেনড্রাইভসহ আরও কয়েকটি উপহার দিচ্ছে ফ্লোরা।

রেজিস্ট্রেশনে ছাড় দিচ্ছে এডুমেকার

মেলায় অংশ নেওয়া প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান এডুমেকার প্রযুক্তি শিক্ষায় তাদের বিভিন্ন কোর্সে ছাড় দিচ্ছে। মেলা চলাকালীন এডুমেকারের প্যাভিলিয়নে নিবন্ধন করলে ১৬ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন আগ্রহীরা প্রশিক্ষণপ্রার্থীরা।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স স্টার্টআপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও থ্রিডি ডিজাইনের উপর প্রশিক্ষণ দিয়ে  থাকে এডুমেকার।

প্রশিক্ষণের বাইরেও বেশকিছু সুবিধা দিচ্ছে প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি। কোর্স শেষে ইন্টার্নশিপের সুবিধা, মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরির সুযোগ, আন্তর্জাতিক মাস্টারকার্ড ও পেওনিয়র কার্ড পেতে সহযোগিতা করা।

আগামী ডিসেম্বর থেকে এডুমেকারের কোর্স শুরু হবে। মেলার পরেও এডুমেকারের অফিসে গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।