শীত ডাকছে শীতবস্ত্র
হেমন্তের মধ্যভাগে পাড়াগাঁয়ে শীতের যে আমেজ শুরু হয়েছে, রাজধানীর কংক্রিটের জঙ্গলে তা সেভাবে পৌঁছাতে না পারলেও জমতে শুরু করেছে শীতবস্ত্রের বাজার।
শীত জেঁকে বসার আগেই গরম কাপড় কিনে রাখতে চাইছেন অনেকে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণি বিতানের কাচের ঘেরাও থেকে রঙ-বাহারি শীতের পোশাক তাদের যেন ডাকছে।
বাংলা ক্যালেন্ডারে এখন কার্তিক মাসের শেষ সপ্তাহ চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
হেমন্তের শেষভাগে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে প্রকৃতি ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পাশাপাশি শীতও জেঁকে বসে। মূলত তখনই বাড়ে গরম কাপড়ের কদর।
বিক্রেতারা জানিয়েছেন, শীতের কাপড়ের বেচাকেনা পুরোদমে শুরু না হলেও প্রতিদিন কিছু না কিছু বিক্রি হচ্ছে। চলার পথে একটু থেমে নেড়েচেড়ে দেখছেন অনেকেই।
এ সময়টায় মূলত বিদেশগামী, ঢাকায় বেড়াতে আসা এবং লম্বা সময়ের জন্য রাজধানী ছাড়বেন- এমন লোকজনই গরম কাপড় কেনেন বলে ব্যবসায়ীরা জানালেন।
গত শনিবার থেকে কয়েকদিন মতিঝিল, বায়তুল মোকাররম চত্বর, গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর, মৌচাক-মালিবাগ, মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে শীতবস্ত্রের পসরা সাজিয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে ব্যবসায়ীদের।
দৈনিক বাংলা থেকে পল্টন মোড় পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশের ফুটপাতেই দেখা গেল অন্তত ৩০টি শীতবস্ত্রের দোকান।
বায়তুল মোকাররম এলাকার কাপড় বিক্রেতা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও তো শীত পড়তে শুরু করেনি। তারপরও কিছু না কিছু বেচাবিক্রি হচ্ছে। আগামী মাসের শুরুতে বেচাবিক্রি পুরোদমে শুরু হয়ে যাবে।”
শাহীনের দোকান থেকেই দুই বছর বয়সী ছেলের জন্য রঙিন সোয়েটার কেনেন ভোলার আব্দুল আলিম। স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে ঢাকায় আসা আলিম বৃহস্পতিবারই বাড়ি ফিরবেন বলে জানালেন।
গুলিস্তানের সুন্দরবন মার্কেট, বংশাল মার্কেট, বঙ্গবাজার মার্কেট ও সদরঘাটে পাইকারি কাপড়ের দোকানগুলোও এখন শীতবস্ত্রে ঠাসা। চীন থেকে আমাদানি করা কম্বল ও অন্যান্য পোশাকের বিশাল সমাহার দেখা গেছে পাইকারি বাজারগুলোতে।
কম্বলের পাইকারি বিক্রেতা আব্দুস সাত্তার মোল্লা জানান, মূলত চট্টগ্রামের আমদানিকারকদের কাছ থেকে তারা চীনা কম্বল সংগ্রহ করেন।
পাইকারিতে এক হাজার টাকা থেকে শুরু করে ৫-৭ হাজার টাকায় কম্বল মিলছে। আর দেশে তৈরি কম্বল পাওয়া যাচ্ছে ৬-৭শ’ টাকায়।
