বিলাসবহুল বাসের কাঠামো বানাবে ইফাদ অটোজ
আধুনিক প্রযুক্তির বিলাসবহুল এয়ার সাসপেনশন বাসের কাঠামো (বডি) তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ইফাদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইফাদ অটোজ।
আগামী এক বছরের মধ্যে দেশের বাজারে এক হাজার নতুন বাস ছাড়ার পরিকল্পনাও নিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারত থেকে আমদানি করা অশোক লেল্যান্ড গাড়ির প্রদর্শনীতে এ কথা জানান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু।
অশোক লেল্যান্ড ব্র্যান্ডের পরিবেশবান্ধব এসি, নন-এসি গাড়ির বডি তৈরির জন্য ঢাকার ধামরাইয়ে ইফাদের নিজস্ব কারখানা গড়ে তোলা হচ্ছে বলেও জানান ইফতেখার আহমেদ।
আগামী বছরের মাঝামাঝি সময়ে উন্নত ও বিলাসবহুল গাড়ির বডি প্রস্তুত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
“এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবেন,” বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রদর্শনী উদ্বোধন করেন।
“ইফাদ নভেম্বর থেকে আগামী এক বছরে ৫২ সিটের এক হাজার বাস তৈরি করবে বলে ওয়াদা করেছে। আর এসব নতুন বাস রাস্তায় নামানো হবে।”
গত ৩০ বছর ধরে ভারতের অশোক লেল্যান্ড ব্রান্ডের গাড়ি বাংলাদেশের বাজারে আমদানি করে আসছে ইফাদ। প্রদর্শনীতে অশোক লেল্যান্ডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বালাচন্দ্রান ভেনকাট সুব্রামানিয়ামও উপস্থিত ছিলেন।
কোম্পানির কর্মকর্তা চৌধুরী রাশেদ শহীদ জানান, প্রদর্শনীতে ৩৬ লাখ টাকা মূল্যের ২৯ সিটের শীততাপ নিয়ন্ত্রিত মিনিবাস এবং ১১ মিটার বি-১৮১৮ মডেলের এয়ার সাসপেনশনের বিলাসবহুল বাস স্থান পেয়েছে।
এছাড়া রয়েছে ১২ মিটার মডেলের এয়ার সাসপেনশন চেচিস, যার দাম ৪২ লাখ টাকা; বি-১৮১৮ মডেলের ৫২ সিটের উপযোগী চেচিস, যার দাম ২৪ লাখ টাকা; রয়েছে ৪৪ সিটের লিংক্স ডিজেল বাস, যার দাম ১৯ লাখ ৫০ হাজার টাকা।
