২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনের বিকাশে বাংলাদেশের পাশে আছি: রিফাই

বাংলাদেশে পর্যটনের বিকাশে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 06:59 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বৌদ্ধ পর্যটন সার্কিট উন্নয়ন’ বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

ইউএনডব্লিউটিও মহাসচিব রিফাই বলেন, “পর্যটনের জন্য অবকাঠামো তৈরি এবং মানবসম্পদ প্রশিক্ষণ ছাড়াও এর রাজনৈতিক বিষয়গুলোতেও আমরা বাংলাদেশের পাশে আছি।”

বাংলাদেশ যাতে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটনের একটি কেন্দ্র হয়ে উঠতে পারে সেজন্য সহযোগিতার আশ্বাসও দিয়ে তিনি বলেন, “এটি শুধু ধর্মীয় পুণ্যযাত্রা নয়, বরং একটি দেশের সংস্কৃতির সঙ্গে আরেকটি দেশের সংস্কৃতির মেলবন্ধন।”

উন্নয়ন সহযোগিতার পাশাপাশি পর্যটন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ টানতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রিফাই।

সম্মেলনের পর কক্সবাজারে ‘বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত’ দেখতে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “আমাদের সঙ্গে কয়েকজন আছেন,সেখানে যাওয়ার পরে হয়তো দুটি বা তিনটি বিনিয়োগের প্রস্তাবনা আসতে পারে।

“সৈকত ব্যবস্থাপনা,গাইড,সেফগার্ড এবং পর্যটন বিষয়ক অন্যান্য বিষয়ে লোকাল কমিউনিটিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে ইউএনডব্লিউটিও। আমরা কনফারেন্সে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।এতে করে পর্যটন এলাকায় কর্মসংস্থান ও পর্যটকদের নিরাপত্তার বিষয়গুলো কমিউনিটি থেকেই নিশ্চিত করা যায়।”

‘সব কিছু এক লাফে হবে না’ মন্তব্য করে রিফাই বলেন, “আশ্বাস থাকবে এদেশের পর্যটনের বিকাশে ইউএনডব্লিউটিও পাশে থাকবে।”

বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়নে অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার পরামর্শ দেন তালেব রিফাই।

তিনি বলেন, “দেশি পর্যটকের সংখ্যা বাড়লেই এদেশের পর্যটন এগিয়ে যাবে। কোনো দেশের দর্শনীয় স্থানগুলো সেদেশের জনগণেরই প্রথমে উপভোগ করা উচিত।”

দেশীয় পর্যটক বাড়লে সবখানে এমনিতেই পর্যটন অবকাঠামো গড়ে উঠবে মন্তব্য করে তিনি বলেন, “এ অবকাঠামোগুলো পরবর্তীতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সহযোগিতা করবে।”

জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশে প্রথমবারের মত এই সম্মেলনের আয়োজন করেছে।

পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “এই কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে পদার্পণ করল, আর এর ফলে আমরা আশা করছি বিদেশি পর্যটকের আগমন বাড়বে।”

গতকাল (মঙ্গলবার) বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন নিয়ে দুই দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের পর্যটন সংস্থার মহাসচিব তালিব রিফাইসহ বিশ্বের ১০টি দেশের পর্যটনমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেন।