২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিলিভার বিজমাস্ত্রোর সেরা আইবিএ’র টিম বুম বুম

দোকানে রাখা ফ্যানের বাতাসের সঙ্গে লাক্সের সৌরভ ছড়িয়ে এই সাবানকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার ধারণা দিয়ে ‘ইউনিলিভার বিজমাস্ত্রো-২০১৫’র পুরস্কার জিতেছেন আইবিএ’র একদল শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 01:41 PM

মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘ইউনিলিভার বিজমাস্ত্রো-২০১৫’র চূড়ান্ত পর্বে ১০টি বিশ্ববিদ্যালয়ের সেরা দলগুলো লাক্সের বিপণন নিয়ে নিজেদের উদ্ভাবনী পরিকল্পনা তুলে ধরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থীদের দল ‘টিম বুম বুম’র পরিকল্পনাটি সেরা নির্বাচিত হয়।

এই দলের সদস্য ইশমাম আহমেদ চৌধুরী, সাজিদ আলম, ও আয়মান সাদিক এবার লন্ডনে অনুষ্ঠেয় ইউনিলিভার ফিউচার লিডার লিগ-২০১৬’তে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশ্বের ৩০টি দেশের সেরা দলগুলো লন্ডনে এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস-এর দল ‘বেটার কল সোল’। এই দলের সদস্য রুবায়েত হোসেন, কংকর দত্ত ও সুরানা তাওহীদ তিশি।

ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত রিয়েল লাইফ বিজনেস কম্পিটিশন বিজমেস্ত্রো। গত সেপ্টেম্বরের শুরুর দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিযোগিতার ষষ্ঠ এই আসর শুরু হয়েছিল। এতে অংশ নিয়েছিল ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি দল।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে আইবিএ ছাড়াও বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।

প্রতিটি ক্যাম্পাসের সেরা দল নিয়ে ‘সেমি ফাইনালিস্ট’ নির্বাচিত করা হয়। ক্যাম্পাস সেরা দলগুলো ‘মিট দ্য লিডার’ পর্বে ইউনিলিভার বাংলাদেশের পরিচালকদের সঙ্গে ব্যবসা ও ক্যারিয়ার নিয়ে মত বিনিময়ের সুযোগ পান।

চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০টি দলের সঙ্গে মত বিনিময়ে কোম্পানির ছয়জন পরিচালক ছাড়াও চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন।

চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের কাছে নতুন সুগন্ধিযুক্ত লাক্স সাবানকে কিভাবে আরও গ্রাহকের কাছে নেওয়া যায় সে সম্পর্কে ধারণা চাওয়া হয়।