২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাভুক্ত ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

এগুলোর মধ্যে রহিম টেক্সটাইল বোনাস লভ্যাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ও অলিম্পিক এক্সেসরিজ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

রহিম টেক্সটাইল

রহিম টেক্সটাইল ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

২৭ ডিসেম্বর সকাল ৯টায় রাজধানীর পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৭ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে ।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৯৭ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৫৫ টাকা শূন্য ৫ পয়সা।

১৯৮৮ সালে রহিম টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

রেনউইক যজ্ঞেশ্বর

একই হিসাব বছরে রেনউইক যজ্ঞেশ্বর শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ ডিসেম্বর সকাল ১০টায় কুষ্টিয়ায় রেনইউক রোডে অবস্থিত মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর জন্য ১৭ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৬১ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা শূন্য ৮ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ঋণাত্মক ৩০ টাকা ৬১ পয়সা।

১৯৮৯ সালে রেনউইক যজ্ঞেশ্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

অলিম্পিক এক্সেসরিজ

অলিম্পিক এক্সেসরিজ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে।

এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডার এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ উদ্যোক্তাসহ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে।

উদ্যোক্তা ও পরিচালকদের হাতে কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ শেয়ার রয়েছে। এসব শেয়ারের বিপরীতে কোনো নগদ লভ্যাংশ দেওয়া হবে না। ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা ৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা পাবেন।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এর জন্য ১৯ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৭১ পয়সা।

২০১৫ সালে অলিম্পিক এক্সেসরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।