২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাসকাট রুটে ওমান এয়ারের যাত্রা শুরু

ওমানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ওমান এয়ার দেশটির রাজধানী মাসকাট থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সোমবার সকালে মাসকাট থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে এই রুটে বিমান সংস্থাটি যাত্রা শুরু করে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মদ বিন রামাধান আলবালুসি এবং ওমান এয়ারের কান্ট্রি ম্যানেজার খন্দকার এ কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে ওমান এয়ারের চিফ অপারেটিং অফিসার আব্দুল রহমান আল বুসাইদি বলেন, “মাসকাট-ঢাকা রুটে নতুন এই ফ্লাইটের ফলে বাংলাদেশ ও ওমানের মধ্যে বাণিজ্য, জনশক্তি রপ্তানি, পর্যটন ও সাংস্কৃতির আদান-প্রদানের এক নতুন দিগন্তের সূচনা হল।

“বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী ওমানে কর্মরত, নতুন এই বিমান সেবা নিজ দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাদের আরও সুবিধা দেবে।”

প্রাথমিক অবস্থায় ঢাকা থেকে প্রতি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবারে মোট চারটি ফ্লাইট ঢাকা-মাসকাট রুটে আসা-যাওয়া করবে।

আগামী ১ ডিসেম্বর থেকে প্রতি সোম ও বুধবারেও ফ্লাইট চালু করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লাইট ডব্লিউওয়াই-৩১৭ ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্র ও রোববার বিকাল ০৪:৩০ মিনিটে এসে অবতরণ করবে এবং সন্ধ্যা ০৬.০০টায় ছেড়ে যাবে।

এছাড়া মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট ডব্লিউওয়াই-৩১৫ রাত ০৮.০৫ মিনিটে এসে পৌঁছবে এবং রাত ০৯.২০ মিনিটে ছেড়ে যাবে, যা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সুবিধাজনক সংযোগ নিশ্চিত করবে।”

ওমানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ওমান এয়ার ইতোমধ্যে চট্টগ্রাম থেকে মাসকাটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করে আসছে।