২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিরা শেয়ারবাজার ছাড়ছে না: ডিএসই

বাংলাদেশের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের চলে যাওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 08:06 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

সোমবার ডিএসই কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজার থেকে চলে যাচ্ছে- এমন তথ্য সঠিক নয়।

“মুনাফা তুলে নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রয় করতেই পারেন। এর অর্থ এই না যে শেয়ারবাজার থেকে তারা চলে যাচ্ছেন।”

সংবাদ সম্মেলনে স্বপন কুমার বালা জানান, আরও সহজে বিনিয়োগকারীদের তথ্য দিতে ‘ডিএসই ইনফো’ নামে একটি অ্যাপ তৈরি করেছে ডিএসই, যা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে।

“কোম্পানির তথ্য প্রদান ব্যবস্থা পুনর্বিন্যাস (রি-ডিজাইন) করা হবে। আগামী নভেম্বর থেকে কোম্পানির তথ্য আন্তর্জাতিক মানে উন্নীত করে প্রকাশ করা হবে। সেখানে কোম্পানির উদ্যোক্তাদের ইতিহাস ছাড়াও আরও নতুন তথ্য থাকবে।”

ডিএসইতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, “এর ফলে ব্রোকারেজ হাউজগুলো তাদের কর এবং কোম্পানিগুলো লিস্টিং ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবে।”

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর বিষয়ে জানতে চাইলে ডিএসইর এমডি বলেন, “আমরা আশা করছি, আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে এটি সম্পন্ন হবে।

“ইটিএফ চালু করার জন্য অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। কিছু নিয়ম-নীতি তৈরির কাজ বাকি আছে, যা নিয়ন্ত্রক সংস্থার কাজ।”

ডিএসইর ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিচালক রুহুল আমিন ও  চীফ রেগুলেটরি অফিসার এ কে এম জিয়াউল হাসান খান এসময় উপস্থিত ছিলেন।