১৫% লভ্যাংশ দেবে ডেসকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
এই লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে দেওয়া হবে।
২০১৬ সালের ২ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পিএসসি কনভেনশন হলে ডেসকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১২ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৩২ পয়সা, এর শেয়ারপ্রতি সম্পদমূল্য ৩৪ টাকা ১৬ পয়সা।
আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৯ টাকা ৮৩ পয়সা।
আগের বছরও কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেয়, যার মধ্যে নগদ ছিল ৫ শতাংশ, বোনাস লভ্যাংশ ১০ শতাংশ।
২০০৬ সালে ডেসকো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
রোববার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি।
আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২২ নভেম্বর।
কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৪১ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা।
আগের বছরের একই সময়ে কোম্পানিটির করপরবর্তী লোকসান হয় ৩৭ কোটি ৭ লাখ টাকা ও শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৫ টাকা ০১ পয়সা।
২০১২ সাল থেকে কোম্পানিটি কোনো লভ্যাংশ দিচ্ছে না বিনিয়োগকারীদের। সর্বশেষ ২০১১ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
২০০২ সালে মাইডাস ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
