২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বড় বাজার হচ্ছে বাংলাদেশ’

ক্রমশ মধ্য ও উচ্চবিত্তের সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশ ভোগ্যপণ্যের বড় বাজার হতে চলেছে বলে একটি গবেষণায় বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 10:02 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ব্যবসা-বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) সেন্টার ফর কাস্টমার ইনসাইট এ গবেষণা করেছে।

‘বাংলাদেশ: দ্য সার্জিং কনজ্যুমার মার্কেট নোবডি স’ কামিং’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা সাত ভাগ উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির।

“কিন্তু এক দশকের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। একইসঙ্গে কর্মজীবী মানুষের সংখ্যা বাড়ছে, যা অর্থনীতিকে শক্তিশালী, ঊর্ধ্বমুখী ও গতিশীল করছে।”

এ ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে মধ্য ও উচ্চবিত্ত মানুষের সংখ্যা তিনগুণ হয়ে তিন কোটি ৪০ লাখে দাঁড়াবে বলে প্রতিবেদেনে বলা হয়েছে।

যাদের বার্ষিক পারিবারিক আয় পাঁচ হাজার ডলার বা তার বেশি তাদের মধ্য ও উচ্চবিত্ত হিসাবে বিবেচনা করছে গবেষণা প্রতিষ্ঠানটি।

মধ্য ও উচ্চবিত্ত পরিবারের দুই হাজারের বেশি ভোক্তার ওপর জরিপ করে এই ধারণাপত্রটি তৈরি করে বিসিজির সেন্টার ফর কাস্টমার ইনসাইট।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রতিবেদনটি তুলে ধরেন বিসিজি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনির। পরে এ বিষয়ে মুক্ত আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে ব্যবসার সুযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে ভোক্তার সংখ্যাও বেড়ে যাচ্ছে সমানতালে। প্রতিবছর ২০ লাখ মানুষ মধ্যম আয়ে উত্তীর্ণ হচ্ছে ও ধনী ভোক্তার সংখ্যা বাড়ছে, যারা বিদেশি ব্র্যান্ড ও প্রযুক্তিপণ্যে বেশ আগ্রহী।”

বাংলাদেশের বাজার এশিয়ার অন্যান্য দেশের বাজারগুলোর মধ্যে সবচেয়ে গতিশীল মন্তব্য করে বিসিজি কর্মকর্তা জারিফ মুনির বলেন, “এ বাজার এখন পর্যন্ত বেশিরভাগ ভোগ্যপণ্য প্রতিষ্ঠানগুলোর নজরে আসেনি।

“যেসব প্রতিষ্ঠান এ বাজারে অবস্থান নিতে আসবে তারা একটি দীর্ঘস্থায়ী প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির সুযোগ পাবেন।”