ঘরে বসেই খোলা যাবে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট
গ্রাহকদের হিসাব খোলার কার্যক্রম সহজ করতে বেসরকারি ব্র্যাক ব্যাংক ‘স্মার্ট ওপেনার’ নামে একটি নতুন সেবা চালু করেছে।
একইসাথে ব্র্যাক ব্যাংকের যেসব গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং সেবা নিয়ে থাকেন তাদের জন্য চালু হয়েছে ‘মোবাইল অ্যাপস’।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই সেবা দুটির চালুর ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, “আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তিগত দিক দিয়ে আমরা (ব্র্যাক ব্যাংক) সবসময় এগিয়ে আছি। আমরা চাই গ্রাহকদের সেরা সেবা দিতে। ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যেতে এই স্মার্ট ওপেনার সেবাটি চালু করা হল।”
ব্র্যাক ব্যাংক দেশের বাইরে সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করছে বলে জানান মাহবুবুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্মার্ট ওপেনার সেবার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা আগ্রহী গ্রাহকের বাড়িতে গিয়ে হিসাব খুলে দেবেন। এজন্য আগ্রহী গ্রাহককে ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করতে হবে। অথবা `so’ লিখে ওই নম্বরে এসএমএস করে হিসাব খোলার জন্য ব্যাংক কর্মকর্তার সময় নিতে হবে। অথবা smart.opener@bracbank.com ঠিকানায় মেইল করেও ব্যাংক কর্মকর্তার সময় নেওয়া যাবে।
নির্ধারিত সময় অনুযায়ী, ব্যাংকের কর্মকর্তা গ্রাহকের দেওয়া ঠিকানায় গিয়ে হিসাব খুলে দেবেন।
ওই সময়ে গ্রাহককে নমিনির ছবিসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
আপাতত এই পদ্ধতিতে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা হবে। ভবিষ্যতে মেয়াদি (এফডিআর ও ডিপিএস) হিসাবও খোলা হবে।
একইসাথে এসএমই গ্রাহকদের প্রতিষ্ঠানের হিসাবও খোলা হবে এই সেবার মাধ্যমে।
এই হিসাবের জন্য অতিরিক্ত কোন সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে জানান ব্যাংকের রিটেইল বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান।
আপাতত ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই সেবা পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য এলাকায়ও সেবাটি সম্প্রসারণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ব্যাংকের গ্রাহকরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এই অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, এটিএম ও শাখার লোকেশন, মিনি ও বিস্তারিত স্টেটমেন্ট, লেনদেনের সার্বিক বিবরণী, ঋণ সংক্রান্ত তথ্য, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ব্যালান্স, বকেয়ার দেনার হিসাব ও পরিশোধ সীমা ইত্যাদি জানতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপসটি ব্যবহার করা যাবে।
গুগল প্লে স্টোর থেকে এই মোবাইল অ্যাপস ডাউনলোড করা যাবে।
