২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি হত্যা নিয়ে অতি-প্রতিক্রিয়া হয়েছে: বিজিএমইএ

দুই বিদেশি হত্যা নিয়ে ‘অতি-প্রতিক্রিয়া’ হয়েছে বলে মনে করে তৈরি পোশাক খাতের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:29 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

শনিবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, “দুটি খুনের ঘটনায় ওভার রি-অ্যাকশন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম খুন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হয়নি যে, বিদেশিরা চলাচল করতে পারছে না।”

পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিদেশি খুনের পর শীর্ষস্থানীয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম ইনডিটেক্স এবং গ্যাপের নির্বাহীদের সফর বাতিল হয়েছে- গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল বিজিএমইএ এর নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে।

তিনি বলেন, “তারা সফর বাতিল করেননি; তারা টিম নিয়ে এসেছিল।”

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে।

দুটি ঘটনার পরই আইএস হত্যার দায় স্বীকার করে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

এই পরিস্থিতিতে হঠাৎ করে বাংলাদেশে জঙ্গি উত্থানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।  

সরকার বিদেশিদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করে। হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে পর্যটন ও রপ্তানি খাতের ব্যবসায়ীরাও বিদেশি হত্যার ঘটনায় বিরূপ প্রভাব পড়ার  আশঙ্কা প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চান।

দুই বিদেশি খুনের পর কী ধরনেরর ‘ওভার রি-অ্যাকশন’ হয়েছে- তা জানতে চাওয়া হলে সংগঠনের সভাপতি স্পষ্ট করে কোন জবাব দেননি।

“স্বার্থান্বেষী মহল করতে পারে। সরকার তদন্ত করছে। তদন্ত শেষে হলে আমরা জানতে পারব।”

তবে এ ঘটনার কোনো প্রভাব পোশাক খাতে পড়েনি বলে জানান তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় ১২টি দেশ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তির কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সিদ্দিকুর বলেন, “এ চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপদে পড়বে। কারণ চুক্তির আওতায় ভিয়েতনাম বিনাশুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে।”

এ বিষয়ে সম্ভ্যাব্য পরিস্থিতি মোকাবেলায় বিজিএমইএ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবে বলে জানান সভাপতি। একই সঙ্গে সরকারকে এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চালানোরও অনুরোধ করেন তিনি।

বিজিএমইএ সভাপতি জানান, ব্যাংক ঋণের সুদের হার কমাতে শিগগিরই সংলাপের আয়োজন করা হবে।

বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর পাশাপাশি তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পের জন্য নির্দিষ্ট কোটারও দাবি করেছে বিজিএমইএ।