২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রাম’ শুরু

যাত্রা শুরু করলো ‘লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রাম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 12:29 AM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বুধবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫ উপলক্ষে ইউনিলিভারের পণ্য লাইফবয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হল।

শিশুদের সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে মাত্র এক ঘণ্টা সময় দিয়ে লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রামে যে কেউ অংশ নিতে পারবেন বলে জানানো হয় অনুষ্ঠানে।

দেশজুড়ে বিভিন্ন স্কুলে পরিচালিত এ কার্যক্রমে লাইফবয় স্কুল অব ফাইভ টিমের সঙ্গে শিশুদের নিয়মিত হাত ধোওয়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করবেন ভলান্টিয়াররা।

অনুষ্ঠানে কমিক বুক, পাজল, গল্প ও খেলাধুলার মাধ্যমে হাত ধোওয়ার বিভিন্ন উপকারের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার বলেন, “সাবান শুধু বিক্রি করার জন্য নয়, জনসেবার মানসিকতায় এগিয়ে এসে লাইফবয় দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে।”

শিশুদের মধ্যে হাত ধোওয়ার অভ্যাস তৈরির লাইফবয়ের এই উদ্যোগের প্রশংসা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।

অভিনেতা আলী যাকের বলেন, “ব্যবসা থাকলে লাভও থাকবে। কিন্তু এর সঙ্গে মানবসেবা যোগ করলে ব্যবসা হয়ে যায় মানবকল্যাণ ও গণকল্যাণমুখী।”

অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এক ভিডিও বার্তায় বলেন, “প্রতিবছর ১ দশমিক ৭ মিলিয়ন (১৭ লাখ) শিশু ডায়রিয়াজনিত কারণে মারা যায়। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করার মাধ্যমে বিশ্বে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আকতার, নারায়ণগঞ্জ বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিনা ইসলাম ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।