জাপানে রপ্তানি তিন বছরে দ্বিগুণ হবে: বাণিজ্যমন্ত্রী
আগামী দুই-তিন বছরের মধ্যে জাপানে বাংলাদেশের রপ্তানি ২০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশাপ্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে বৃহস্পতিবার ঢাকা সফররত জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার অফ ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ইয়োশিহিরো সেকির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশা জানান মন্ত্রী।
তোফায়েল বলেন, বর্তমানে দুটি পণ্য (অস্ত্র ও গোলাবারুদ) ছাড়া জাপান বাংলাদেশের সব পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। বর্তমানে জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। আগামী দুই-তিন বছরের মধ্যে এটা ২০০ কোটি ডলারে উন্নীত হবে।
“বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার রপ্তানিতে জাপান তাদের রুলস অব অরিজিন দুই স্তর থেকে এক স্তরে নামিয়ে এনেছে। এর ফলে জাপানে বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি বাড়বে।”
জাপানি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “জাপানি বিনিয়োগকারীদের জন্য গাজীপুরে ৫০০ একর জমি অথবা নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার ৫০০ একর জমি নির্ধারিত করে রাখা হয়েছে। এখানে বিনিয়োগ করা হলে আমরা লাভবান হব।”
বর্তমানে ইপিজেড-এ ২৯টি কোম্পানি এবং সারা দেশে দুই শতাধিক জাপানি প্রতিষ্ঠান রয়েছে বলেও জানান তোফায়েল।
বাণিজ্যমন্ত্রী বলেন, “এক সময় জাপানের কাছে চীন ছিল +১, তার পরিবর্তে এখন থাইল্যান্ড +১ দেশ হিসেবে চিহ্নিত। আমি বাংলাদেশকেও +১ ক্যাটাগরিতে রাখার জন্য জাপানকে অনুরোধ জানিয়েছি।
“স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতির পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে জাপান আমাদের যথেষ্ট সহায়তা করেছে। আগামীতে জাপানের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে।”
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
