দর কষাকষি, হাঁকডাকে ব্যস্ততা পোস্তায়
কোরবানির পশুর চামড়া সংগ্রহের তৃতীয় দিনেও ব্যস্ত সময় যাচ্ছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। মৌসুমি বিক্রেতাদের সঙ্গে দর কষাকষি আর চামড়া বাছাইয়ের পরিচিত দৃশ্য পুরো এলাকা জুড়ে।
রোববার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীদের কেউবা ভ্যানগাড়ি আবার কেউবা ছোট ট্রাকে করে নিয়ে আসছেন চামড়া।
কাউকে কাউকে রিকশায়ও চামড়া নিয়ে আসতে দেখা যায়।
ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী, ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। তবে প্রথম দিন যে হারে চামড়া এসেছে সে তুলনায় তৃতীয় দিনে চামড়া আসেনি বলে ক্রেতারা জানিয়েছেন।
এদিকে শনিবার সঠিক দাম না পাওয়ার অভিযোগ পাওয়া গেলেও রোববার সে রকম অভিযোগ খুব একটা পাওয়া যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, এ বছর চামড়ার যে লক্ষ্যমাত্র ধরা হয়েছে সে পরিমাণ চামড়া পাওয়া যাবে বলেই তাদের আশা।
মীর কান্তি মতিঝিল থেকে একটি ভ্যানগাড়িতে করে ষোলটি চামড়া নিয়ে এসেছেন; সঙ্গে তার দুই বন্ধু। পোস্তার ওয়াটার ওয়াক্স রোডে আসার পর এক ফড়িয়া ষোলটি চামড়ার দাম হাঁকালেন পঁচিশ হাজার টাকা।
তিনি বলেন, “গড়ে দুই হাজার টাকা ক্রয় খরচ হয়েছে। পরে কিছুদূর এগিয়ে ষোলটি চামড়া বিক্রি করেছি পঁয়ত্রিশ হাজার টাকা।”
প্রতি ঈদেই এই ব্যবসা করেন বলে জানালেন এই মৌসুমি ব্যবসায়ী। তিনি জানান, শনিবারও পোস্তায় দশটি চামড়া এনেছিলেন, কিন্তু লাভ হয়নি এক টাকাও।
শনিবার কেন লাভ করতে পারেননি জানতে চাইলে মীর কান্তি বলেন, “গতকাল খরিদ্দার ছিল না। তেমন কেউ চামড়া দাম বলেনি। কিন্তু আজ অনেক খরিদ্দার রয়েছে পোস্তায়।”
কোরবানীর ঈদের পরদিন পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় পশুর চামড়া সংরক্ষণে ব্যস্ত ট্যানারি কর্মীরা। ছবি: নয়ন কুমার
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি আফতাব খান বলেন, গত দুই দিন অনেক নষ্ট চামড়া পাওয়া গেছে, তবে রোববারের চামড়ার মান বেশ ভালো।
রোববার প্রথম দুই দিনের মতো মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে হা-হুতাশ নেই বলেও জানান তিনি।
বিভিন্ন এলাকা থেকে চামড়া এখনও আনা শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, “সারাদেশে আমাদের লোকজন রয়েছে চামড়া কেনার জন্য। বিভিন্ন জেলায় আড়তে চামড়াগুলো লবণ দিয়ে রাখা হয়েছে। তিন/চারদিন পর চামড়াগুলো পোস্তায় আনা হবে।”
এ বছর কেমন চামড়া পাওয়া যাবে জানতে চাইলে আফতাব খান বলেন, “যে রকম আশা করেছিলাম ৬৫ লাখ যে পরিমাণ চামড়া পাওয়া যাবে বলে আশা করছি।”
গরমে কিছু চামড়া নষ্ট হওয়ার আশংকা থাকলেও তা গত বছরের চেয়ে কম হবে বলে জানান এই পাইকারি ব্যবসায়ী।
