দাম নিয়ে বিপাকে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা
পৌনে পাঁচ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিলেও ‘মৌসুমি চামড়া ব্যবসায়ীদের’ নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের আড়তদাররা।
সাধারণত আড়তদাররা চামড়া সংগ্রহ করে প্রক্রিয়াজাতের পর ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে থাকেন।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল কদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার বৃহত্তর চট্টগ্রামে প্রায় পৌনে পাঁচ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল, যার মধ্যে চার লাখ গরু, ৫০ থেকে ৬০ হাজার ছাগল ও ১৫ হাজার মহিষের চামড়া।
তিনি বলেন, “সরকার থেকে এবছর বৃহত্তর চট্টগ্রামে চামড়ার দাম প্রতি বগর্ফুট ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অথচ ‘মৌসুমি ব্যবসায়ীরা’ ৭০ থেকে ৮০ টাকার কমে চামড়া বিক্রি করছে না।”
এ কারণে আড়তদাররা পশুর চামড়া সঠিক দামে সংগ্রহ করতে পারছেন না বলে অভিযোগ করেন আব্দুল কাদের।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির ১১২ জন সদস্য রয়েছে। সমিতির বাইরেও চট্টগ্রামে বেশ কয়েকজন কাঁচা চামড়ার আড়তদার রয়েছেন।
চামড়া ব্যবসায়ী নেতা কাদের বলেন, চট্টগ্রামে আগে ২২টি ট্যানারি থাকলেও গত বছর ছিল দুটি। তবে পরিবেশ দূষণের অভিযোগে মদিনা ট্যানারি ও রিফ ব্রাদার ট্যানারি দুটিও পরিবেশ অধিদপ্তর বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে বলে দাবি তার।
কাদের বলেন, “ঢাকার ট্যানারি মালিকরা আমাদের কাছ থেকে ৪০ থেকে ৪৫ টাকার চেয়ে বেশি দামে চামড়া কিনবেন না বলে জানিয়েছেন।”
গত কোরবানির ঈদে চট্টগ্রামে গরু, ছাগল, মহিষ মিলিয়ে প্রায় পাঁচ লাখের মতো কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছিল।
