২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের হাটে গরুর সরবরাহ বেশ

আশঙ্কা থাকলেও চট্টগ্রামের কোরবানির হাটগুলো ঘুরে গরুর সরবরাহ ভালো দেখা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

বিভিন্ন স্থান থেকে বেপারিরা গরু আনতে শুরু করলেও বিক্রি জমেনি এখনও। বিক্রেতারা বলছেন, দুই-একদিনের মধ্যে বাজার জমে উঠবে।

বাজারে ক্রেতা দেখা গেলেও তারা বলছেন, দাম যাচাই করে কিনতে আরও সময় নিচ্ছেন তারা। তাছাড়া আগে কিনলে নগরীতে গরু রাখাও সমস্যা।

প্রত্যাশিত দাম না পাওয়া যাচ্ছে না বলে বিক্রেতাদের অভিযোগের বিপরীতে ক্রেতারা বলছেন, দাম এবার বেশিই দেখছেন তারা।

রোববার বিবিরহাট ও সাগরিকা গরুর বাজার ঘুরে দেখা যায়, কুষ্টিয়া, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও পাবনা জেলা থেকে বেশিরভাগ বেপারি ও খামারিরা এসেছেন।

দুপুর ১২টায় বিবিরহাট বাজারে গিয়ে দেখা যায়, ছোট-বড় নানা আকারের প্রায় কয়েক হাজার দেশি গরু আছে। সে তুলনায় ক্রেতা কম।

মাগুরা থেকে ১৩টি গরু নিয়ে আসা খামারি আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শনিবার) ১ লাখ ৬০ হাজার টাকায় একটি ষাঁড় বিক্রি করেছি। ক্রেতারা আসছেন। তবে কাল (মঙ্গলবার) থেকে বিক্রি বাড়বে।”

কুষ্টিয়া থেকে ১০টি বড় আকারের ষাঁড় নিয়ে এসেছেন খামারি মোজাহের আলী। তার তিনটি এ বাজারের সবচেয়ে বড় গরু বলে তার দাবি। দাম চাইছেন চার লাখ টাকা।

“প্রতিটি গরুর খাওয়ার খরচ দৈনিক সাড়ে তিনশ টাকা। দুই লাখ টাকা পর্যন্ত দর করেছে। তবে এত কমে বিক্রি করব না।”

নগরীর অক্সিজেন বটতল এলাকা থেকে আসা ক্রেতা শহিদুল আলম বলেন, “এবার দেশি গরুই বাজারে বেশি। কিন্তু বেপারিরা দাম ছাড়ছে না। আরও দুয়েকদিন যাক, তখন হয়ত দাম কমবে।”

কুমিল্লা থেকে দুই ট্রাকে ছোট আকারের ৪০টি গরু নিয়ে শুক্রবার বিবিরহাটে আসেন ইদ্রিস বেপারি।

তিনি বলেন, “তিনটা গরু ৪৫ হাজার টাকা করে বিক্রি করেছি। আমরা ৬০-৭০ হাজার টাকা দাম চাইছিলাম।”

চট্টগ্রামের সবচেয়ে বড় সাগরিকা বাজারে গিয়েও দেখা যায়, বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে আসছে দেশি গরু।

এছাড়া অল্প কিছু ভারতীয় সাদা রঙের বলদ, নেপালি জাতের লাল গরু এবং পাকিস্তানি সিন্ধি জাতের কালো গরুও আছে এই বাজারে।

সাগরিকা গরুর বাজারে পাকিস্তানি সিন্ধি জাতের কালো রঙের বড় গরু দুই লাখ টাকা দাম চাইছেন বিক্রেতা আবুল মনসুর।

তিনি বলেন, “দুই বছর আগে কিনে নিয়ে বড় করেছি। গরুর পিছনে অনেক খরচ। ট্রাক ভাড়া দিয়ে এ গরু কুষ্টিয়া থেকে আনতে হয়েছে।”

বিবিরহাট গরুর বাজারের ইজারাদার আবদুল হালিম বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে গরু আসছে। আগামী কয়দিন আরও গরু আসবে। গরুর তেমন সঙ্কট নেই।

তবে ভারতীয় গরু কম আসছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের বাজারে দেশি গরুর চাহিদা সবসময়ই বেশি থাকে।