২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাট বসেছে, গরু আসছে

গাবতলী পশুর হাটে ঢোকার পথেই দেখা গেল, বিশাল আকারের সাতটি গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন পাবনার ব্যবসায়ী মাহাবুব আলম।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 04:19 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

পশুর হাট: ভ্রাম্যমাণ আদালত নামছে সোমবার
শঙ্কায় চামড়া ব্যবসায়ীরা

রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটটিতে বিক্রি করে বেশি লাভের আশায় উত্তরাঞ্চল থেকে এসে উঠেছেন একটি হোটেলে, দুই হাজার টাকা ভাড়ায়।

মাহাবুবের মতো অনেক গরু ব্যবসায়ী আসতে শুরু করেছেন ঢাকায়। গাবতলীর স্থায়ী পশুর হাটের সঙ্গে শনিবার থেকে রাজধানীতে বসেছে আরও ২৩টি হাট। ঈদের দিন শুক্রবার পর্যন্ত এসব হাটে চলবে বিকিকিনি।

হাটগুলোতে পশু আসতে শুরু করলেও বিক্রি এখনও জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন, রোববার থেকে জমে উঠবে কেনা-বেচা।

গাবতলীতে সাতটি সিন্ধি গরু আনা মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার আরও ১৭টি গরু শনিবারের মধ্যেই আসছে। 

“এইগুলার দাম ৬-১২ লাখ টাকা। আশা করি, মাইনশের ভাল লাগব।”

হাটের ভিতরে কিছুদূর এগোলো কুষ্টিয়ার খামারি আমজাদ হোসেনের দেখা মেলে, গায়ে কাদা মেখে লালচে রঙের একটি গরুকে খাওয়ানোর চেষ্টা করছিলেন।

“ভাই গায়ে কাদা মাইখা গরুর যত্ন করছি। ভাল দামে গরু বিক্রি হলে কৃষক বাঁচব। কৃষক বাঁচলে দেশ বাঁচব,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

আমজাদ তার আনা গরুগুলো দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রির ইচ্ছার কথা জানালে পাশে দাঁড়ানো এক ব্যক্তি বলেন, “শুরুতে তো দাম বেশি চাইবেনই। পরে দেখা যাইব, অর্ধেক দামেও গরু বিক্রি করতে পারবেন না।”

তখন আমজাদের ত্বরিত উত্তর- “সময় হইলেই দেখবেন, কত দামে গরু বেচতে পারি।”

ভারত সীমান্তে কড়াকড়ির জন্য এবার গরুর সংখ্যা নিয়ে শঙ্কা দেখা দিলেও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক আশ্বস্ত করেছেন, কোরবানির পশুর সঙ্কট হবে না। 

রাজধানীর অন্য পশুর হাটগুলো ঘুরেও বেচা-বিক্রি তেমন দেখা যায়নি। হাটের ইজারাদাররা বলছেন, ক্রেতারা কিছু এলেও এখন দর যাচাই করছেন, কিনবেন পরে।    

গাবতলীতে আসা গেন্ডারিয়ার খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন তো পশু আসা কেবল শুরু হয়েছে। আরেকটু দেখে কাল-পরশু কিনব।”

গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাটের প্রথম দিনে লোকজন একটু কম থাকে। ঈদের সময় কাছে আসতে থাকলে লোকজনের সংখ্যা বাড়ে।”

মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব হাটের চেয়ারম্যান মো. সুলতান মিয়া বলেন, “এখন আমরা হাটে যেসব গরু আসছে সেগুলো রাখছি। কাল থেকে বেচা কেনা শুরু করব।”

সাদেক হোসেন খোকা মাঠ পরিচালনা কমিটির সভাপতি হাজী বিপ্লব বলেন, “আমরা শনিবার পুরো হাটের সাজসজ্জা ও নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের কাজ শেষ করব। কাল থেকে বেচাবিক্রি শুরু করব।”

হাটগুলোতে এখন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতাদের পশুর যত্নআত্তি এবং দরদাম নিয়ে নিজেদের মধ্যে আলোচনায়ই ব্যস্ত দেখা যায়।

নিরাপত্তার জন্য এবার হাটে সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তের যন্ত্র বসানো হয়েছে। পুলিশি নিরাপত্তাও রয়েছে।

এর মধ্যেই শনিবার সকালে ঝিনাইদহ থেকে আসা এক ট্রাক গরু ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গরু ব্যবসায়ী চারজনকে কুপিয়ে আহতও করা হয়।