সবজির দাম এখনও চড়া, কমেছে ইলিশের
ইলিশের দাম বেশ কমায় ক্রেতাদের স্বস্তি মিললেও এখনও বাড়তি দামেই কিনতে হচ্ছে সবজি।
তবে সরকারের নানা উদ্যোগের পরও কেজি প্রতি প্রায় একশ’ টাকায় উঠা পেঁয়াজের দাম এখনও ৭০ থেকে ৭৫ টাকায় আটকে আছে।
শুক্রবার রাজধানীর কারাওয়ান বাজার, ফকিরাপুল ও হাতিরপুলসহ আরও কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শসা, গাজর, বেগুন, চিচিঙ্গা, শিম, ঢেঁড়শসহ প্রায় সব সবজিই প্রতি কেজি ৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
সবজির চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে ইলিশের দাম কমায় সন্তোষ প্রকাশ করেন অনেকে।
মাঝারি ধরনের ইলিশ (৭০০ থেকে ৮০০ গ্রাম) প্রতি পিস চারশ থেকে পাঁচশ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর কেজি সাইজের ইলিশ প্রতি পিস বিক্রি হয় আটশ থেকে নয়শ টাকায়।
আগামী ২৫ সেপ্টেম্বর কোরবানির ঈদ সামনে রেখে মসলার দাম এখনও আগের মতোই আছে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।
ফাইল ছবি
বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি আদা ১১০ থেকে ১২০ টাকা, রসুন ১০০ থেকে ১১০ টাকা, হলুদ-মরিচের গুঁড়া ২০০ টাকা, জিরা ৩৩০ থেকে ৩৮০ টাকা, এলাচ এক হাজার থেকে ১৩০০ টাকা, দারুচিনি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাত্র ২৫-৩০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজের দাম গতমাসে হঠাৎ করে বেড়ে ১০০টাকায় ওঠে। ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় দেশের পাইকারি বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু করে বলে জানায় ব্যবসায়ীরা।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে আমদানি ও বাজারজাতসহ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার। বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত ছাড় করানোরও সিদ্ধান্ত হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণ করে।
শুক্রবার ফকিরাপুলের মুদি দোকান বিসমিল্লাহ স্টোরের কর্মচারী আরেফিন হোসেন জানান, দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা, পাকিস্তানি বড় পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি করছেন তারা।
এই বাজারে পেপে ৩৫ টাকা, টমেটো ৮০ টাকা, কাঁচামরিচ মানভেদে ১৩০ থেকে ২০০ টাকা, পটল ৫০, আলু ২৫, ঢেঁড়শ ৮০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকায় প্রতিকেজি বিক্রি হতে দেখা গেছে।
কাঁচামাল বিক্রেতা লিয়াকত সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেপে, বেগুন, শসা, সিমসহ আরও কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমতির দিকে। নতুন করে কোনো সবজিরই দাম বাড়েনি।
তবে এই বাজারে সদাই করতে আসা সুমন সরকার সবজির চড়া দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন।
“রোজা, ঈদ বা অন্য কোনো উপলক্ষে সবজির দাম বাড়লে ব্যবসায়ীরা তা আর কমাতে চায় না। ৭০ টাকা দিয়ে যদি করলা কিনতে হয় তাহলে এটাকে আপনি কী বলবেন, দাম বেশি না কম?” প্রশ্ন রাখেন তিনি।
