২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া নীতিমালাও সেকেলে: বিটিআরসি প্রধান   

সতের বছরের পুরনো টেলিযোগাযোগ নীতিমালা ঘষামাজা করে যে খসড়া তৈরি করা হয়েছে তাও ‘সেকেলে’ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিটিআরসি প্রধান সুনীল কান্তি বোস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার বিটিআরসি কার্যালয়ে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, “মন্ত্রণালয় সর্বশেষ যে নীতিমালা করেছে, আমার কাছে সঠিক নয় বলে মনে হয়েছে। কারণ এতে অনেক সেকেলে ধরনের জিনিসগুলোকেই রাখা হয়েছে।

“এখনও আমার কাছে এটাকে ফ্রুটফুল মনে হয়নি। হয়তো কেবিনেটে নিয়ে গেলে পাসও হয়ে আসবে।”

বর্তমানে টেলিযোগাযোগের যে নীতিমালা রয়েছে তা ১৭ বছর আগে করা। সম্প্রতি সরকার এটিকে সংশোধনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় একটি খসড়া চূড়ান্ত করে মতামতও নেওয়া শুরু করেছে।

মতামত চাওয়া হলেও তেমন সাড়া মেলে না জানিয়ে বিটিআরসি প্রধান বলেন,  “আনফরচুনেন্ট যে, যখন এগুলো ওয়েবসাইটে দেওয়া হয়, পিপল-বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত ঠিকভাবে পাই না। অনেক ক্ষেত্রে যেগুলো পাই, রাখি না।”

গত ১২ অগাস্ট বিভাগের ওয়েবসাইটে সাত দিনের জন্য নীতিমালার খসড়া দিয়ে মতামত চাওয়া হয়েছিল।

সব মতামত পাওয়ার পর একটি সুপারিশমালা তৈরি করে তা চূড়ান্ত করে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

ব্রডব্যান্ড নীতিমালায় সাইবার নিরাপত্তা

ব্রডব্যান্ড নীতিমালা নিয়ে সুনীল কান্তি বোস বলেন, “আমি যখন সচিব ছিলাম তখন ২০০৯ সালে ব্রডব্যান্ড নীতিমালা করা হয়েছিল।

“প্রথমত, যে টার্গেটগুলো করা হয়েছিল, সময়ের আগে লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছি। দ্বিতীয়ত, কতগুলো নতুন বিষয়, প্রযুক্তিগত বিষয় এসেছে। ব্রডব্যান্ড পলিসিতে সাইবার সিকিউরিটি নেই, এই নতুন নতুন জিনিসগুলো আসবে।”

আগের নীতিমালার অনেক ট্রার্গেট পূরণ হয়নি স্বীকার করে সুনীল কান্তি বলেন, “টার্গেটটা অনেক উচ্চাবিলাসী ছিল। সব জায়গায় উপজেলা পর্যায়ে যেতে পারিনি, সকল সেকেন্ডারি স্কুলে যেতে পারিনি। টেলিযোগাগ সেক্টরে সবচেয়ে কম উন্নতি হয়েছে ডমেস্টিক ট্রান্সমিশনে। এখানে ফোকাস ডমেস্টিক ট্রান্সমিশনে করতে হবে, তাহলে ব্রডব্যান্ড সহজলভ্য হবে।”

বিটিআরসি ব্রডব্যান্ড পলিসির খসড়া তৈরি করে মন্ত্রণালয়কে দেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, “আমি চাই যে বিষয়গুলো সত্যিকারভাবে আসা দরকার, তা আসুক। বিশেষজ্ঞদের নিয়ে কানসালটেশন করা, সেমিনার বা ওয়ার্কশপ করা, সময় নেব, তাড়াহুড়ো করে নয়।”

“আশা করছি মিড অব অক্টোবরের মধ্যে খসড়া পৌঁছাতে পারব, মন্ত্রণালয়কে দেব। তারপরে আবার কনসালটেশন হবে, ওয়েবসাইটে মতামত নেব। আশা করি ৩/৪ মাসের মধ্যে হবে বলে আশা করি।”

এই নীতিমালায় মানুষের আগ্রহের বিষয়কে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।