২০% লভ্যাংশ দেবে এপেক্স ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
বিনিয়োগকারীরা ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারের জন্য ২ টাকা নগদ পাবেন।
কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এপেক্স ফুডসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ সেপ্টেম্বর রাজধানীর পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৩ সেপ্টেম্বর।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা। বিনিয়োগের উদ্বৃত্তের যথার্থ মূল্যায়নের হিসাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ১২.৬০ টাকা।
অন্যদিকে বিনিয়োগের উদ্বৃত্তের যথার্থ মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪.৮৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০৯.১৬ টাকায় ।
আগের বছরও এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮১ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
