২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে: ডিসিসিআই

ট্রেড লাইসেন্স ও এর নবায়ন ফি বৃদ্ধি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়ার উপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের ফলে বাংলাদেশে ব্যবসা পরিচালনার সার্বিক খরচ বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 11:42 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

বোরবার ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) মিলনায়তনে ‘ব্যবসায় ব্যয় বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে এই দাবির পক্ষে তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়া, ঋণ সুবিধা না থাকা ও আন্তর্জাতিক বাজারের চেয়ে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় এর মধ্যেই মধ্যে ব্যবসার ব্যয় বেড়েছে।

“এর সঙ্গে আইআরসি-ইআরসি সার্টিফিকেট, নতুন ট্রেড লাইসেন্স ও লাইসেন্স নাবয়নের ক্ষেত্রে ফিও বাড়ানো হয়েছে।”

সেমিনারে ‘ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ায় উদ্বেগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের সহ-সভাপতি শোয়েব চৌধুরী।

তিনি বলেন, “সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের ফি খাতভেদে সর্বনিম্ন ৫৬ দশমিক ৫২ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৮৪ শতাংশ বাড়ানো হয়েছে; গড়ে বেড়েছে ২৬৩ শতাংশ। পাশাপাশি নবায়নের ক্ষেত্রে নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। জমি নিবন্ধনের ক্ষেত্রে সোর্স ট্যাক্স বাড়ানো হয়েছে।

“এছাড়া ব্যাংক সুদের উচ্চ হার, দেশের সেতুগুলোতে টোল চার্জ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য প্রায় ৫৭ শতাংশ কমলেও স্থানীয় বাজারে না কমায় সার্বিকভাবে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে।”

ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য এসব লাইসেন্স ফি যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ, ব্যাংকঋণের সুদের হার একক অঙ্কে নামিয়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে নির্মাণের কাজ দ্রুত শেষ করা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান ডিসিসিআই সভাপতি হোসেন।

সেমিনারে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ বাণিজ্য সচিব হেদায়েতুল্ল্যাহ আল মামুন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, ব্যবসার লাইসেন্স করার ক্ষেত্রে কোনো অজ্ঞাত ব্যয় থাকা উচিত নয়।

হেদায়েতুল্ল্যাহ বলেন, সরকার নতুন নতুন শিল্প-কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।

সেমিনারে অন্যদের মধ্যে আইএফআইসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান টি আই এম রওশন জাদীদ ও সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বক্তব্য রাখেন।