২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগির ডিমের দাম বেড়েছে

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে মুরগির ডিমের দাম ডজনপ্রতি প্রায় ১২ টাকা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 06:18 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

শুক্রবার ঢাকার বাজারে প্রতি হালি ডিম ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিল সর্বোচ্চ ৩৬ টাকা।

এদিন তেজগাঁওয়ে পাইকারি ডিমের বাজারে আকারভেদে প্রতি ১০০টি ডিম ৮৩০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। 

রাষ্টায়ত্ত বিপণন সংস্থা টিসিবির তথ্যমতে, শুক্রবার রাজধানীতে প্রতি হালি ডিম ৩৬ থেকে ৪০ টাকা পর্যন্ত  বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা দাবি করছেন, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে সরবরাহ কমায় এবং মুরগীর খাবারের দাম বাড়ায় ডিমের বেড়েছে।

ডিম উৎপাদকদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সাইদুর রহমান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির কারণে ডিমের উৎপাদন কমার পাশাপাশি পোল্ট্রি খাবারের দাম বেড়েছে। যে কারণে ডিমের দাম বেড়েছে।”

রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি, কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। এসব পণ্যের দাম বাড়ার ক্ষেত্রেও বৃষ্টির অজুহাত দেখিয়েছেন ব্যবসায়ীরা।

গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার তা বেড়ে ১৪৫ থেকে ১৫০ টাকায় উঠে গেছে।

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল।

দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও শুক্রবার তা ৬৫ টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি করা পেঁয়াজের দামও ৫ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা গত সপ্তাহে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এছাড়া বেগুন, শশা, মুখীকচু, করলা, ঝিঙা, চিচিংগা ও পটল ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।