এয়ারটেল গ্রাহকরা পাচ্ছেন ‘যমুনা ব্যাংক শিওরক্যাশ’
এয়ারটেল গ্রাহকরা এখন যমুনা ব্যাংকের ‘শিওরক্যাশের’ মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এ বিষয়ে যমুনা ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে।
সোমবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংক লিমিটেড সম্প্রতি প্রগতি সিস্টেম লিমিটেডকে তাদের সফ্টওয়্যার পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে।
চুক্তি অনুযায়ী এয়ারটেল গ্রাহকরা সহজেই ক্যাশ ইন, ক্যাশ অউট, মানি ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, স্কুল ফি পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট এবং মোবাইল টপ আপ সেবাগুলো পাবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
মোবাইল ব্যাংকিং সেবাটির নাম হবে ‘যমুনা ব্যাংক শিওরক্যাশ’। এজন্য এয়ারটেল গ্রাহকদের তাদের মোবাইল থেকে এমকমার্স ইউএসএসডি কোড *৪০০# ডায়াল করতে হবে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চিফ সার্ভিস অফিসার ও হেড অব এমকমার্স অ্যান্ড পি আর রুবাবা দৌলা, যমুনা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শফিকুল আলম ও প্রগতি সিস্টেম লিমিটেড এর সিইও ও এমডি ডক্টর শাহাদাত খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এমকমার্সের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর সাদিক ফয়সাল, সিনিয়র এক্সিকিউটিভ কবি কল্পতরু বিশ্বাস ও যমুনা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম সাইফুদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইসিটি ডিভিশন আহমেদ নেওয়াজ উপস্থিত ছিলেন।
