খুচরা বাজারে খোলা সয়াবিনের দাম বেড়েছে
পাইকারি ব্যবসায়ীরা দাম না বাড়ার দাবি করলেও রাজধানীর খুচরা বাজারে ভোজ্য তেল খোলা সয়াবিনের দাম বেড়েছে।
পাম অয়েলের দাম বাড়ার এক সপ্তাহের মধ্যে খুচরা পর্যায়ে খোলা সয়াবিনের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে খোলা সয়াবিন ৭৮ থেকে ৮২ টাকা দরে বিক্রি হয়েছে। আর পাড়া মহল্লার দোকানে তা বিক্রি হচ্ছে ৮৫ টাকা পর্যন্ত।
খুচরা ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগেও খোলা সয়াবিন তেল ৭৪ থেকে ৭৭ টাকায় বিক্রি হয়েছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানীর বাজারগুলোতে খোলা সয়াবিন ৭৮ টাকা থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও পণ্যটির দাম ছিল ৭৫ থেকে ৭৮ টাকা।
আর গত সপ্তাহে পাম অয়েলের দাম পাঁচ টাকা বেড়ে ৭৪ থেকে ৭৮ টাকা লিটার দরে বিক্রি হয়। সরবরাহ কমে যাওয়ায় দাম পাম অয়েলের দাম বেড়েছে বলে পাইকারি ব্যববসায়ীরা জানিয়েছেন।
তবে সরবরাহ ঘাটতিতে পাম অয়েলের দাম বাড়লেও গত কয়েকদিন ধরে পাইকারি বাজারে খোলা সয়াবিনের দাম কমছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
পাইকারি ভোজ্যতেল বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মাদ আলী ভুট্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বশেষ খোলা সয়াবিন ২৭১০ টাকা মণ বিক্রি করেছি আমরা। অর্থাৎ প্রতি লিটার ৬৬ টাকা ৪২ পয়সা।”
খোলা সয়াবিনের সরবরাহে কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, “এই দরে কেউ লাখ লাখ লিটার মাল চাইলে এখনই দিতে পারবো। সয়াবিনের কোন ঘাটতি নেই; বরং উদ্বৃত্ত আছে।”
বুধাবারও ঢাকার পাইকারি বাজারে খোলা সয়াবিন ১৫ থেকে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল জানিয়ে মোহাম্মদ আলী বলেন, “খুচরা বাজারে খোলা সয়াবিনের দাম কেন ৮০ টাকার ওপরে তা আমরা বুঝতে পারছি না।
দাম বৃদ্ধির ক্ষেত্রে পাইকারি বাজারের দোহাই দিয়ে খুচরা ব্যবসায়ীদের ‘স্বেচ্ছাচারিতা’ ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।
ভুট্টো বলেন, আগে অনেকেই সুপার পাম অয়েলকে সয়াবিন হিসেবে বেচতো। এখন পাম অয়েলের দাম বাড়ায় সেটি হচ্ছে না। ফলে সয়াবিনের দাম বাড়িয়েছে।”
রাজধানীর মুগদার চাঁদ স্টোরের বিক্রেতা রেজাউল ইসলাম দাম বাড়ার কারণ হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক নম্বর মাল পাওয়া যাচ্ছে না। যে কারণে আমাদের কেনা বাড়তি। এজন্য বিক্রি দামও বাড়তি।”
তবে কবে কত দামে কিনেছেন তা বলতে চাননি এই খুচরা বিক্রেতা।
একই বাজারের সোনিয়া ভ্যারাইটিজের মালিক আব্দুল করিমও সয়াবিনের দাম বাড়ার বিষয়ে একই মত দেন।
কারওয়ান বাজারের ব্যবসায়ী এমরান মাস্টার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোলা সয়াবিন তেল ৮০ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।”
কেন দাম বাড়লো জানতে চাইলে তিনি সুষ্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
বেড়েছে সবজির দাম
এদিকে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দামের উর্ধ্বমুখী প্রবণতা রয়েছে; বেগুন, করলা, লাউ ও পটলসহ কয়েকটি সবজির দাম বেড়েছে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে বেগুন ৪০ থেকে ৭০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহেও বেগুন সর্বোচ্চ ৬০ টাকা, পটল ৫০ টাকা ও করলা ৫০ টাকা দরে পাওয়া গেছে।
সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচেরর দাম; কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা। শুক্রবার কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে সর্বোচ্চ ৮০ টাকা ছিল।
তবে দেশী পেঁয়াজের দাম কিছুটা কমে শুক্রবার ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
